২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

কক্সবাজারের ঠিকাদার গিয়াসউদ্দিন আহমদকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল মাবুদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ঠিকাদার গিয়াসউদ্দিন আহমদের পক্ষে তার নিযুক্ত আইনজীবী বুধবার সকালে কক্সবাজার আমলি আদালত-- ১ এ মামলা দায়ের করেন।

ঠিকাদার গিয়াস উদ্দিন আহমদ একই সময়ে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার এর সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম ও প্রতিবেদক মুহাম্মদ আলী জিন্নাতের বিরুদ্ধেও ১০ কোটি টাকার পৃথক আরেকটি মানহানি মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট আইনজীবী জামির হোসেন অ্যাডভোকেট ও ওমর ফারুক অ্যাডভোকেট জানান, গত ৫ ফেব্র“য়ারি দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘কক্সবাজারে দুর্নীতিবাজ নেতা ও গডফাদাররা গা ঢাকা দিয়েছে’ এবং ২২ জানুয়ারি স্থানীয় দৈনিক কক্সবাজারে প্রকাশিত ‘জোট সরকারের আমলে অবৈধভাবে শত কোটি টাকার মালিক ঠিকাদার সিন্ডিকেটের দন্ডমুণ্ডের হোতারা গা ঢাকা দিয়েছে’ শীর্ষক সংবাদের জন্য পৃথক দুটি ফৌজদারি মামলা দায়ের করেন।

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ভরামুহুরী এলাকার অধিবাসী ঠিকাদার গিয়াস উদ্দিন আহমদ মামলা দুটি দায়ের করেন।

সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার আমলি আদালত --১ এ দায়ের করা মামলার এজাহারে বাদী প্রকাশিত দু’টি প্রতিবেদনের কারণে তার মানহানি হয়েছে বলে জানান।

বিচারক এসএম আবদুল কাদের মামলা দুটি আমলে নিয়ে অভিযুক্তদের অতিসত্ত্বর আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।