২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বহুতল ভবনসহ দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার রাজধানীর পুরানা পল্টন এবং তোপখানা সড়ক এলাকায় অভিযান চালিয়ে কমপক্ষে ১৫টি বহুতল ভবনসহ দুই শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 08:34 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীরের নেতৃত্বে সেনা সদস্যসহ যৌথ বাহিনীর শতাধিক সদস্য সকাল সাড়ে ১১ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা এ অভিযানে অংশ নেয়।

উচ্ছেদ অভিযানের শুরুতেই বায়তুল মোকাররমের বিপরীত দিকে নির্মানাধীন ২২ তলা বায়তুল ভিউ ট্রেড অ্যাসোসিয়েশন ভবনের নীচ তলার পার্কিং গ্যারেজে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা বুলেডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ফুটপাতের জায়গা দখল করে তৈরি করা বহুতল ভবনটির প্রধান ফটকের সিঁড়িও ভেঙ্গে দেওয়া হয়।

ভবনটির সিকিউরিটি ইন চার্জ মোহাম্মদ বাবুল অভিযোগ করেন, মাইকে উচ্ছেদ অভিযানের প্রচারণা চালানোর পর তারা নিজেরাই এসব স্থাপনা ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছিলেন। কিন্তু তারা অনুরোধ জানানোর পরও নীচ তলার পার্কিং গ্যারেজে বুলডোজার ঢুকিয়ে দেওয়া হয়। ফলে তাদের বৈধ স্থাপনারও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।             

তবে অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর এই অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযানকারী দল পরে পর্যায়ক্রমে পল্টনে মনি সিংহ--ফরহাদ স্মৃতি ট্রাস্টের বহুতল ভবনের প্রবেশ পথের সিঁড়ি এবং পাশের যাত্রী ছাউনিতে অবৈধভাবে গড়ে তোলা পাঁচটি দোকান, ১০ তলা সখ শপি সেন্টারের পার্কিং গ্যারেজ ও একই ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখার প্রবেশপথ ও বিলবোর্ড, মুক্তি ভবনে অবস্থিত উত্তরা ব্যাংকের প্রবেশপথের সিঁড়ি ও বিলবোর্ড, পুরানা পল্টন মোড়ে এল মল্লিক শপিং কমপ্লেক্সের নীচ তলায় অবৈধভাবে গড়ে তোলা ১২ টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

দুপুর আড়াইটায় তোপখানা সড়কের ট্রপিক্যাল টাওয়ারের নীচ তলার পার্কিং গ্যারেজের অবৈধ স্থাপনা ভাঙ্গার মাধ্যমে অভিযান আবার শুরু হয়। এসময় একে একে ১৫ তলা বিজিআইসি টাওয়ারের পার্কিং গ্যারেজ ও প্রবেশপথের সিঁড়ি, হোটেল গ্রীন হাউজের (আবাসিক) প্রবেশপথ, আইডিয়াল হোম ড্রাইং ক্লিসার্সের সামনের অংশ, হোটেল আটলান্টিকের (আবাসিক) প্রবেশপথ, ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনের অংশ, হোটেল কায়রোর (আবাসিক) প্রবেশপথ, ক্যাফে ঝিলের কিছু অংশ, মৃগয়া আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রবেশপথের সিঁড়ি, ১০ তলা গফুর টাওয়ারে সার্জিক্যাল মার্কেটের পার্কিং গ্যারেজে অবৈধভাবে গড়ে তোলা পাঁচটি দোকান এবং তোপখানা মোড়ে সচিবালয়ের সীমানা প্রাচীর লাগোয়া যাত্রী ছাউনিতে অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি দোকান ভেঙ্গে দেয়।                                                 

এদিকে কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বুধবার সাভারের ওয়াশপুরে বুড়িগঙ্গা নদী তীর এবং আমিন বাজারে তুরাগ নদীর পারে অভিযান চালিয়ে কমপক্ষে ৩৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আকানুর রহমানের নেতৃত্বে সকাল ১১ টায় অভিযানের শুরুতেই আমিন বাজারের বড়দেশী এলাকায় ২১ টি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এসব অবৈধ স্থাপনার অধিকাংশই পাথর, বালু এবং ইটভাটার গদিঘর ছিল। এ ছাড়া একই স্থানে আরও ৩৫/৪০ টি টং ও ঝুপড়ি ঘর এবং একটি বেদে বহরের প্রায় ২০ টি ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়।

অন্যদিকে সাভারের ওয়াশপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অভিযান চালিয়ে কমপক্ষে ১৩ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।