দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান সুলতান হোসেন ও কমিশনার মনিরুজ্জামান মিঞার পদত্যাগ
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান ও কমিশনার এম মনিরুজ্জামান মিঞা বুধবার পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাঁদের পদত্যাগপত্র গ্রহন করেছেন বলে এক সরকারি ঘোষণায় বলা হয়েছে।
এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিশ্র“ত দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের পথ সুগম হলো।
ব্যক্তিগত সহকারীর মাধ্যমে বুধবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে পদত্যাগপত্র পাঠিয়ে দেন দুদক চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান। এরপর ৩টা ৫৫ মিনিটে কমিশনার এম মনিরুজ্জামান মিঞাও তাঁর পদত্যাগপত্র বঙ্গভবনে পাঠিয়ে দেন।
তবে অপর কমিশনার মনিরউদ্দিন আহমদ পদত্যাগ করেছেন কি না তা জানা যায়নি। বিষয়টি জানতে তার বাসায় বারবার টেলিফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।
দুপুরে মনিরউদ্দিন আহমদ তার সেগুনবাগিচা কার্যালয়ে সাংবাদিকদের জানান, আইন অনুযায়ীই তিনি পদত্যাগ করবেন। তবে কখন করবেন তা জানাননি।
মনিরউদ্দিনের একজন ব্যক্তিগত সহকারী নফহবংি২৪.পড়স কে জানান, দুপুরেই তাঁর (মনিরউদ্দিনের) পদত্যাগপত্র টাইপ করা হয়ে গেছে।
বিকেল ৩টা ৪০ মিনিটে আগারগাঁও কার্যালয় থেকে সুলতান হোসেন খান বাসায় চলে যান।
এর আগে বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে আগারগাঁয়ে দুদক কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন,-দুপুরের পর কোনো এক সময়ে বঙ্গভবনে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন।
ব্যর্থতার দায়ভার কাধে নিয়ে পদত্যাগ করছেন কিনা প্রশ্নের জবাবে সুলতান হোসেন খান বলেন, “আমরা ব্যর্থ নই। আমাদের সময়ে বেনাপোল বন্দর এবং কাস্টমসে দুর্নীতি রোধ করতে পেরেছি।”
বঙ্গভবনে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ার পর ৪টা পাঁচ মিনিটে কমিশন ত্যাগ করার সময় মনিরুজ্জামন মিঞা উপস্থিত সাংবাদিকদের বলেন,“আপনারা সবাই ভাল থাকবেন। এই দেখুন আমি সরকারি গাড়ি পাঠিয়ে দিয়ে ব্যক্তিগত গাড়িতে করে বাসায় যাচ্ছি।”
কমিশনকে কার্যকর করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতান হোসেন খান বলেন, “আইনের সংস্কার দরকার। আইনের সংস্কার হলেই দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে।”
দুদকের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলে সুলতান হোসেন খান বলেন, “এটা আমার একার পক্ষে বলা সম্ভব নয়। বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন।”
দেশের সার্বিক উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং মানুষের মৌলিক চাহিদার নিশ্চয়তা দিতে পারলে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেন তিনি।
মনিরউদ্দিন আহমদ বলেন, ‘‘ব্যাক্তির পরিবর্তন করে দুদক কার্যকর করা যাবে না। সবার আগে কাজের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।’’
দেশি-বিদেশী চাপের মুখে খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোট সরকার ২০০৪ সালের ২১ নভেম্বর সাবেক দুর্নীতি দমন ব্যুরো কে বিলুপ্ত ঘোষণা করে দুর্নীতি দমন কমিশন গঠন করে। কিন্তু পর্যাপ্ত লোকবল, আইন এবং বিধিবিধানের অভাবে কমিশন প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি বলে দুদকের কমিশনাররা বলে আসছিলেন।
কমিশন গঠনের পর ২২শে নভেম্বর এর চেয়ারম্যান ও কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় সুুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান ও সাবেক সরকারি কর্মকর্তা মনিরউদ্দিন আহমদকে। একই বছরের ১৪ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম মনিরুজ্জামান মিঞাকে। কিন্তু শুরু থেকেই তাদের বিরুদ্ধে তৎকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে।
দুদক গঠন হওয়ার পর গত প্রায় সোয়া দুই বছর পার হলেও তারা কোনো কাজ করতে পারেনি বলে বারবার বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠলেও এর ব্যর্থতার দায়--ভার নিতে চায়না কেউই।
নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই যোগাযোগ উপদেষ্টা মেজর (অবঃ) এম এ মতিন এবং আইন উপদেষ্টা মইনুল হোসেন দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদ ছেড়ে দিয়ে কমিশনকে কার্যকর করার কথা বলে আসছিলেন।
গত এক সপ্তাহ ধরে কমিশনের চেয়ারম্যান ও অন্য সদস্যরাও বলেছেন রাষ্ট্রপতি বললে তারা কমিশন ছেড়ে চলে যাবেন।
এই লক্ষ্যে সরকার কমিশনের আইনগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা চিহ্নিত করতে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে আহ্বায়ক করে ২৪ জানুয়ারি ৭ সদস্য বিশিষ্ট একটি পরামর্শক কমিটি গঠন করে। ওই কমিটিকে দুই সপ্তাহের মধ্যে দুদক সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত রোববার কমিটির প্রথম বৈঠকের পর যোগাযোগ উপদেষ্টা ও কমিটির সদস্য এম এ মতিন সাংবাদিকদের বলেন,“তারা (দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার) চলে গেলেই আমরা কমিশনকে ঢেলে সাজাবো।”
এর আগে গত ২৪ জানুয়ারি যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন দুদককে “ক্লাউন (ভাড়) মুক্ত করতে হবে” এই মন্তব্য করেছিলেন।
