দুপুরের পর বঙ্গভবনে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন দুদকের চেয়ারম্যান
দুপুরের পর কোনো এক সময়ে বঙ্গভবনে পদত্যাগপত্র পাঠিয়ে দেয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান।
বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে আগারগাঁয়ে দুদুক কার্যালয়ে তার দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তবে অপর কশিনার মনিরউদ্দিন আহমদ বুধবার পদত্যাগ করেননি। তিনি সেগুনবাগিচা কার্যালয়ে সাংবাদিকদের জানান, তিনি আইন অনুযায়ী পদত্যাগ করবেন। তবে কখন করবেন তা তিনি জানাননি। তিনি বলেন, ‘‘ব্যাক্তিদের পরিবর্তন করে দুদককে কার্যকর করা যাবে না। সবার আগে কাজের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।’’
প্রসঙ্গত, দুদক আইনে ১০(১) ধারায় বলা আছে, কমিশনের চেয়ারম্যান অথবা কমিশনাররা পদত্যাগ করতে চাইলে এক মাস আগে রাষ্ট্রপতির কাছে নৌটিশ পাঠাতে হবে।
সুলতান হোসেন খান বলেন, “আইনের সংস্কার দরকার। আইনের সংস্কার হলেই দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে।”
কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে পরামর্শ আছে কিনা জানতে চাইলে সুলতান হোসেন খান বলেন, “এটা আমার একার পক্ষে বলা সম্ভব নয়। বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন।”
দেশের সার্বিক উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং মানুষের মৌলিক চাহিদার নিশ্চয়তা দিতে পারলে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেন তিনি।
ব্যর্থতার দায়ভার কাধে নিয়ে পদত্যাগ করছেন কিনা প্রশ্নের জবাবে সুলতান হোসেন খান বলেন, “আমরা ব্যর্থ নই। আমাদের সময়ে বেনাপোল বন্দর এবং কাস্টমসে দুর্নীতি রোধ করতে পেরেছি।”
