না হওয়া নির্বাচনেও ১৯ কোটি টাকা খরচ ১২২ প্রার্থীর
বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত ১২২ জন প্রার্থী প্রচারণা বাবদ গড়ে ১৫ লাখ টাকা ব্যয় করেছেন। তারা মোট খরচ করেছেন ১৮ কোটি ৫৫ লক্ষ ৪৫ হাজার ৩৫০ টাকা।
এই ১২২ জনের মধ্যে বিএনপির এক প্রার্থী খরচ করেছেন প্রায় দুই কোটি টাকা। আওয়ামী লীগের এক প্রার্থীও ঢেলেছেন প্রায় পৌনে দুই কোটি টাকা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ (টিআইবি) মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা’ শীর্ষক এ প্রতিবেদন উপস্থাপন করে।
প্রতিবেদনে ৩২টি জেলার মোট ৩৮টি আসন থেকে সংগৃহীত তথ্য বিশ্লে¬ষণ করা হয়েছে। এসব আসনে ১২২ জন প্রার্থী তফসিল ঘোষণার আগে থেকেই প্রচারণা চালিয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত তারা প্রচার-প্রচারণা বাবদ মোট খরচ করেছেন ১৮ কোটি ৫৫ লক্ষ ৪৫ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ প্রত্যেক প্রার্থী গড়ে খরচ করেছেন ১৫ লক্ষ ২০ হাজার টাকার বেশি।
বিএনপি’র এক প্রার্থী ১ কোটি ৯৪ লাখ ৯ হাজার টাকা এবং আওয়ামী লীগের একজন ১ কোটি ৬৭ লাখ ৮ হাজার ৫শ’ টাকা ব্যয় করেছেন।
প্রতিবেদনে বলা হয়, দেশে নির্বাচন আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর মনোনয়ন চূড়ান্ত হলেই একজন ব্যক্তি ‘প্রার্থী’ হিসেবে গণ্য হতে পারেন এবং প্রচারণা শুরু করতে পারেন। কিন্তু দেখা যায় তফসিল ঘোষণার অনেক আগে থেকেই প্রার্থীরা প্রাচারণায় নেমে পড়েন।
টিআইবির চেয়ারম্যান মোজাফফর আহমেদ বলেন, “প্রার্থীদের প্রচারণা বাবদ লাখ লাখ টাকা ব্যয় রোধ করতে হবে। প্রার্থীদের মূল প্রচারণা হওয়া উচিত বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া।”
