আবারও রেকর্ড গড়ল ঢাকা স্টক এক্সচেঞ্জ
শেয়ারবাজারে অভিষেকেই বাজিমাত করে দিয়েছিল ব্র্যাক ব্যাংক। সুবাদে ইতিহাস গড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জও। এটি গত বুধবারের কথা। তবে মাত্র ক’দিনের ব্যবধানে সোমবার সে ইতিহাস নতুন করে লেখানো হল।
একদিনের সর্বোচ্চ লেনদেনের ১৫৮ কোটি টাকার রেকর্ড ভেঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ ১৫৯ কোটির নতুন রেকর্ড গড়েছে এদিন। এর আগে শনিবার মোট লেনদেনের পরিমান ছিল ১৩৮ কোটি টাকা।
সোমবার স্টক মার্কেটে লেনদেনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ছিল ব্র্যাক ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালেহউদ্দিন আহমেদ খান লেনদেনের এই সূচকের ঊর্ধ্বমুখিতার কারণ হিসেবে বিভিন্ন প্রাতিষ্ঠানিক, দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণকে চিহ্নিত করেছেন।
তিনি জানান, বিনিয়োগকারীদের তরফে কেনা এবং বিক্রির একটা ধারাবাহিকতা লক্ষ করা যাচ্ছে।
সোমবার ডিজিইএন বা ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ শেয়ারসূচক ১৮ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ বেড়ে এক হাজার ৮৮৩ দশমিক ৬২ পয়েন্ট হয়েছে। ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক ১২ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ বেড়ে এক হাজার ৫৪০ দশমিক ২৩ পয়েন্ট হয়েছে।
ডিএসই-২০ ব্লু-চিফ বা ভাল মানের শেয়ারের সূচক ৬ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ৪৪ ভাগ কমে হয়েছে ১ হাজার ৫২৭ দশমিক ৮১ পয়েন্ট।
শেয়ারবাজারের বর্তমান অবস্থার ব্যাখ্যায় সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা বিনিয়োগকারীদের বলেছি তারা যেন কেনার সময় শেয়ারপিছু লাভের বিষয়টি বিবেচনায় রাখেন।”
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম শতকরা ৯ দশমিক ৩৬ ভাগ বেড়ে ৬৪৫ টাকা ২৫ পয়সা হয়েছে। সোমবার প্রতিষ্ঠানটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৫০ লাখ ৭ হাজার টাকা।
লেনদেনের ধারাবাহিকতায় ব্র্যাক ব্যাংকের পরেই ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, গ্রামীণ১ মিউচ্যুয়াল ফাণ্ড ও এআইএমএস১ মিউচ্যুয়াল ফাণ্ড।
পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ৫ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৪৪১ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে গ্রামীণ১ এবং এআইএমএস১ মিউচ্যুয়াল ফাণ্ডের শেয়ারের দাম যথাক্রমে ১৪ দশমিক ৫০ এবং ১০ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।
এআইএমএস এবং গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ডের কর্মকর্তারা বলেছেন, বর্তমান শেয়ার দর মূল দরের তুলনায় অনেক বেড়ে গেছে।
ডেসকো এবং লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম আগের তুলনায় ৬ দশমিক ৮৩ শতাংশ এবং ৩ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। রূপালী ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে। ব্যাংকটির ২৬ দশমিক ২৬ ভাগ শেয়ার সৌদি যুবরাজের কাছে হস্তান্তরের সরকারি সিদ্ধান্তের পর শেয়ার দর ১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ২ হাজার ১২০ দশমিক ২৫ টাকায় দাঁড়িয়েছে।
এছাড়া পুবালী ব্যাংক, সাউথইষ্ট ব্যাংক এবং হেইডবার্গ সিমেন্টের শেয়ারের দাম বাড়লেও আগের অবস্থানে রয়ে গেছে স্কয়ার টেক্সটাইল।
বাংলাদেশ ওয়েল্ডিং, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং আইসিবি ইসলামী মিউচ্যুয়াল ফান্ড দর বৃদ্ধির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ছিল ডিএসইতে। এছাড়া নিলয় সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট এবং সালেহ কার্পেট দর পতনের দিক দিয়ে শীর্ষে ছিল সোমবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম বেড়েছে মোট ৭০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
