২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অল্প সময়ের মধ্যে অঢেল সম্পদের মালিক হওয়ার রহস্য জানাতেই হবে: ড.কামাল

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয় ও  সম্পদের হিসাবসহ ব্যক্তিগত আট তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে আপিলের শুনানি সোমবার শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বিভাগে এ শুনানি হয়।

রিট আবেদনকারির পক্ষে শুনানিতে ড. কামাল হোসেন বলেছেন, গত ৫ বছরে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। অল্প সময়ের মধ্যে প্রার্থীর অঢেল ধন-- সম্পদের মালিক হওয়ার রহস্য মানুষকে অবশ্যই জানাতে হবে।

তিনি বলেন, “কোন প্রার্থীর বিরুদ্ধে কয়টা ফৌজদারি মামলা আছে এবং তার শিক্ষাগত যোগ্যতা কি তা মানুষের জানার অধিকার রয়েছে। অন্ধকারে থেকে কাউকে প্রতিনিধি পছন্দ করা ঠিক হবে না। প্রার্থী সম্পর্কে সব তথ্য জেনেই বাছাই করতে হবে।”

এসময় আদালত মন্তব্য করেন, বিগত সংসদে শতকরা ৬৬ ভাগ সদস্যই ছিলেন ব্যবসায়ী।

ড. কামাল বলেন, ব্যবসায়ীদের মধ্যে অনেক অসৎ ব্যবসায়ী রয়েছে। তিনি বলেন, আল্লাহ্র দোয়ায় (!) অনেকে ঢের সম্পদের মালিক হয়ে যায়। প্রার্থী হয়ে হেসে হেসে ভোট চায়। তারা আবার ভোটও পায়।

কামাল আরও বলেন, আবু ছাফা এ মামলায় হাইকোর্টে কোন পক্ষ ছিলেন না। তিনি কীভাবে আপিল বিভাগে আপিল করেন? ড. কামাল বলেন, এ মামলায় আপিল বিভাগ যখন লিভ মঞ্জুর করে তখন হাইকোর্টের রায় স্থগিত করা হয়নি। ১৭ মাস পরে অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত থেকে ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার তারিখের একদিন আগে স্থগিতাদেশ নেওয়া হয়েছে। এর ফলে নির্বাচন কমিশনকে তাদের ছাপানো ফরম বাতিল করতে হয়েছে। নির্বাচন কমিশন হাইকোর্টের রায় স্থগিতের জন্য আবেদন করেনি।

ব্যারিস্টার ওমর সাদাত বলেন, “আমি কালো টাকার মালিক ও সন্ত্রাসীদের পক্ষে বলছি না। কারও শিক্ষাগত যোগ্যতা জানানোর জন্য আদালত কি নির্দেশ দিতে পারে? রবীন্দ্রনাথ, নজরুল প্রবেশিকা পাস করেননি। বিল গেটসের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী জন মেজর বাস কন্ডাক্টর ছিলেন, জনগণ তাদের যোগ্যতার স্বীকৃতি দিয়েছে।”

আদালত বলেন, জ্ঞানপাপীদের চেয়ে অশিক্ষিতরা ভাল।

২০০৫ সালের ২৪ মে আবদুল মোমেন চৌধুরীসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আটটি তথ্য নিতে নির্দেশ দেয়। গত ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চট্টগ্রামের সন্দীপের জনৈক আবু ছাফা ২০০৫ সালের ৩ জুলাই আপিল বিভাগে লিভ-- টু-- আপিল দায়ের করেছিলেন। গত বছর ৬ এপ্রিল আপিল বিভাগ লিভ মঞ্জুর করলেও তখন কোন স্থগিতাদেশ দেয়নি।