২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জুড়ে শান্তির কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

টঙ্গির তুরাগ নদীর পাড়ে আখেরি মোনাজাত ও গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে রোববার দুপুরে শেষ হয়েছে তিনদিন ব্যাপী তাবলিগ জামাতের ৪১তম বিশ্ব ইজতেমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 01:32 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সর্বাত্মক শান্তি কামনা করে রোববার বেলা সোয়া ১২টা থেকে পর্যন্ত দুপুর ১টা পর্যন্ত এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মোনাজাতে মুসুল্লিরা অংশগ্রহণের সুবিধার্থে উত্তরার প্রধান সড়কের কাছে জসীমউদ্দিন মোড়, সাত ও নয় নম্বর সেক্টর থেকে টঙ্গী চেরাগ আলী মার্কেট পর্যন্ত এবং টঙ্গি সড়ক থেকে আশুলিয়া সড়কের শেষ মাথা পর্যন্ত অনেকগুলো মাইক বসানো হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের সুবিধার্থে আখেরী মোনাজাত সরকারি ও বেসরকারি বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে।

বাংলাদেশের লাখ-লাখ মুসুল্লির সঙ্গে আখেরি মোনাজাতে অংশ নিয়েছে ৬৫টিরও বেশি দেশ থেকে আসা প্রায় চার হাজার মেহমান।

তিনদিনের এই বিশ্ব ইজতেমায় শুক্রবার থেকে রোববার পর্যন্ত— বয়ানে অংশ নেন মাওলানা মো. ইব্রাহিম (ভারত) মাওলানা মোহাম্মদ এহসান (পাকিস্তান) মাওলানা আব্দুল মুকিত (ব্রিটেন) মাওলানা ক্বারী যোবায়ের (বাংলাদেশ) মাওলানা আব্দুল ওয়াহাব (পাকিস্তান) মাওলানা ইসমাইল (বাংলাদেশ), মাওলানা যোবায়রুল হাসান (ভারত) ও মাওলানা সায়াদ আহমাদ (ভারত) প্রমুখ।

বিশ্ব মুসলমানের পক্ষ থেকে তাদের অপরাধের জন্য মুরুব্বিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, “ইসলামকে দূরে সরিয়ে দিয়েছি বলে বিশ্ব মুসলিমরা আল্লাহ্র মদদ থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহকে রাজি--খুশি করতে হবে। নবীর তরিকা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। নিজের ঘর, মহল্লা ও প্রতিবেশী মুসলিম ভাইকে দ্বীনের মেহনতে শামিল করতে হবে। যে যত বেশি দ্বীনের মেহনত করবে তার দিল তত বেশি জিন্দা হবে।  এই তরিকাতেই দুনিয়া ও আখেরাতের শান্তি।”