রাজবাড়ী ও কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
রাজবাড়ী ও কেরানীগঞ্জে শনিবার সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
রাজবাড়ী প্রতিনিধি জানান, দৌলতদিয়া--খুলনা মহাসড়কের গোয়ালন্দে শনিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরগামী মাম পরিবহনের একটি বাসের চাকা ফেটে যাওয়ায় সেটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন গোয়ালন্দের পূর্ব উজানচড়ের ভায়লা খাতুন (৪০), তার মেয়ে খালেদা (৮), সাতক্ষীরার তালা থানার মির্জাপুর গ্রামের আজাদ মোল্লা (৩০) ও রাজবাড়ী হাউলি কেউতিল গ্রামের আবদুল জব্বার (৪৯)।
এই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। তাদের গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় একজনকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, ফরিদপুরগামী লোকাল বাসটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। ঘটনার পরই বাসের চালক এবং হেলপার পালিয়ে যায়।
কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের টেগোরিয়ায় ট্রাকের ধাক্কায় বেবীট্যা´ি আরোহী রাসেল আকতার (২০) ও সোহেল (২০) মারাত্মক আহত হন। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করার পর শনিবার ভোরে দুজনই মারা যান। পুলিশ ট্রাক ও সেটির চালককে আটক করতে পারেনি।
