ঘন কুয়াশায় জিয়ায় উড়োজাহাজ চলাচল ব্যাহত
ঘন কুয়াশার কারণে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
বিমানবন্দর জানায়, কুয়াশার কারণে শনিবার বেলা ১২টা পর্যন্ত অন্তত ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে দেশে এসে পৌঁছায়নি। এছাড়া শুক্রবার রাত থেকে প্রায় আটটি ফ্লাইট ছাড়তেও দেরি হচ্ছে। অন্যদিকে নির্ধারিত সময়ে উড়োজাহাজ অবতরণ না করায় ঘন্টার পর ঘন্টা বাহরাইন, মাসকট, দুবাই, জেদ্দার যাত্রীরা লাউঞ্জে অপেক্ষা করছেন।
দিল্লী থেকে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট শুক্রবার রাত ১০টা ৪১ মিনিটে এসে পৌঁছানোর কথা থাকলেও প্রায় ১১ ঘন্টা দেরিতে শনিবার ৯টা ৪০ মিনিটে জিয়া বিমানবন্দরে অবতরণ করে।
এছাড়া দুবাই থেকে ছাড়া এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৮ টার বদলে বেলা ১২ টা ২৮ মিনিটে ও কুয়ালালামপুর থেকে ছাড়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট রাত ৯ টা ৫০ মিনিটের বদলে দুপুর ১২টা ২২ মিনিটে এসে পৌঁছাবে বলে জানায় বিমানবন্দরের আর্ন্তজাতিক অনুসন্ধান বিভাগ।
আবুধাবী ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শুক্রবার দুপুর পৌনে ১টায়, হংকং ছেড়ে আসা অপর একটি ফ্লাইট শুক্রবার রাত ৮টায় পৌঁছানোর কথা থাকলেও অনুসন্ধান বিভাগ টাওয়ার এখনো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
এদিকে শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে এমিরেটসের যে ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি শনিবার সকাল ১১টা পর্যন্ত যাত্রা করতে পারেনি।
একই ভাবে বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইট মাসকট -- করাচির উদ্দেশে শুক্রবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে, জেদ্দার উদ্দেশে রাত ১১টায়, লন্ডনের উদ্দেশে রাত ১টা ১৫ মিনিটে ও কুয়ালালামপুরের উদ্দেশে রাত ১ টা ৫০ মিনিটে রওনা হওয়ার কথা থাকলেও শনিবার সকাল ১১টা পর্যন্ত কোনটাই ছেড়ে যায়নি। এছাড়া গালফ এয়ারের বাহরাইন -- মাসকটগামী ফ্লাইট রাত ৯টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকরেও কুয়াশার কারণে সেটিও ছাড়েনি।
