পালিয়েছে ড. তাহের হত্যাকারী সালেহী ?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রবীণ শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে অংশ নেওয়া শিবির সভাপতি মাহাবুবুল আলম সালেহী রাজশাহী ছেড়ে পালিয়ে গেছেন।
এছাড়া একই বিভাগের শিক্ষক এবং তাহের হত্যা মামলার আসামি মিয়া মো. মহিউদ্দিনও দেশ ছেড়ে পালানোর জন্য সকল প্রস্তুতি শেষ করে ফেলেছেন বলে জানা গেছে।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ২৯ জানুয়ারি নূর মোহাম্মদ পুলিশের মহাপরিদর্শক এবং নাইম আহমেদ ডিএমপি কমিশনার হিসেবে বদলি হওয়ার খবর রাজশাহীতে ছড়িয়ে পড়লে সালেহী রাজশাহী ত্যাগ করেন।
আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন মিয়া মো. মহিউদ্দিন।
জোট সরকার বিদায় নেওয়ার পরপরই সালেহী রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গা ঢাকা দেয়। এরপর দেশে জরুরি অবস্থা জারির পর কয়েকদিনের মধ্যে এলাকা ছেড়ে গ্রামের বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। তবে গত কিছুদিন থেকে সেখানেও তাকে আর দেখা যাচ্ছে না বলে তার গ্রামের লোকজনের কাছ থেকে পুলিশ জানতে পারে। অবৈধ পথে সালেহী দেশের বাইরে পালিয়ে গেছে বলে পুলিশের একাধিক সূত্র ধারণা করছে।
অন্যদিকে নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই মহিউদ্দিন নগরীর তালাইমারী এলাকার নিজ বাড়ি বিক্রির জন্য ক্রেতা খুঁজতে শুরু করেন। গত কয়েকদিন থেকে তার বাড়িতে জমি ও বাড়ী কেনার দালালরা আসা যাওয়া করছে। খুব দ্রুত তার বাড়ী বিক্রির জন্য একাধিক দালাল কয়েকজন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেছেন।
মহিউদ্দিনের আত্মীয়-- স্বজনরা জানান, তার স্ত্রীর বড় বোন থাকেন অস্ট্রেলিয়া। বাড়ি বিক্রি করে সপরিবারে সেখানে চলে যাওয়ার উদ্দেশ্যে মহিউদ্দিন প্রস্তুতি নিচ্ছেন। তাহের হত্যা মামলা থেকে রেহাই পাওয়ার জন্য অস্ট্রেলিয়া প্রবাসী ওই আত্মীয়ের কাছ থেকে থেকে ২০ লাখ টাকা নিয়েছিলেন মহিউদ্দিন।
এদিকে নিহত শিক্ষক ড. এস তাহের আহমেদের পুত্র সানজিদ আহমেদ ফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, রাজনৈতিক কারণে পুলিশ আগে সালেহীকে গ্রেপ্তার করতে পারেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ন্যাক্কারজনক ভূমিকার কারণে হাজিরা খাতায় অনুপস্থিত থাকার পরেও সে পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সে উচ্চ আদালতে জামিন নিয়েছে। মহিউদ্দিন গ্রেপ্তার হওয়ার পর উচ্চ আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে এখন দেশত্যাগ করলে প্রকৃত হত্যাকারীরা বেঁচে যাবে।
তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে তার পিতার হত্যাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। একইসঙ্গে বর্তমান পুলিশের আইজি নূর মোহাম্মদের কাছে আসামীদের বিরুদ্ধে চার্জশিট দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা আহচানুল কবির জানান, সালেহীর পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে মহিউদ্দিন দেশত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে মামলা থেকে বাঁচতে দেশত্যাগ করছেন কিনা জানতে চাইলে মহিউদ্দিন নফহবংি২৪.পড়স --কে বলেন, “এর আগেও ১০ বছর বিদেশে থেকেছি। বিশ্ববিদ্যালয়ের সহায়তা ছাড়াও দেশের বাইরে যাওয়ার সুযোগ আমার আছে।”
বাড়ি বিক্রি ও ২০ লাখ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “বাড়ি বিক্রির প্রয়োজন নেই। ২০ লাখ টাকা নেওয়ার কথা কেউ শত্রুতা করে বলেছে।” তিনি বাংলাদেশ ছেড়ে কোথাও যাবেন না বলেও উল্লেখ করেন।
