২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটির নির্মাণ কাজ শেষ, জানুয়ারিতে বুঝে নেবে বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রামের বন্দরের বৃহত্তম নিউমুরিং কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে টার্মিনালটি বুঝে নেয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের মত, নিউমুরিং কন্টেইনার টার্মিনালটি (এনসিটি) বেসরকারি খাতে ছেড়ে দেয়া হোক। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বন্দরের বৃহত্তম নিউমুরিং কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে টার্মিনালটি বুঝে নেয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের মত, নিউমুরিং কন্টেইনার টার্মিনালটি (এনসিটি) বেসরকারি খাতে ছেড়ে দেয়া হোক। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা। বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুক সোমবার দুপুরে এক সাক্ষাৎকারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ প্রতীক্ষিত এনসিটির অবকাঠামো নির্মাণের কাজ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেষ হয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে টার্মিনালটি বুঝে নেয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।" তিনি বলেন, "এনসিটি কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমার ব্যক্তিগত মতামত বেসরকারিখাতে দেয়া হোক এবং প্রয়োজনে আন্তর্জাতিক দরপত্র আহবান করা যেতে পারে।" বন্দর চেয়ারম্যান বলেন, "টার্মিনালটি বুঝে নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা জেটি, ইয়ার্ডসহ টার্মিনালের সব অবকাঠামোর বিষয়গুলো চুক্তি অনুযায়ী বুঝে নেবে।" বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালের ফেব্র"য়ারিতে। এর আগে ২০০২ সালের ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এনসিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের পরিচালক বন্দরের নির্বাহী প্রকৌশলী খাদেমুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৫০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পশ্চাত সুবিধা সম্বলিত নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) বছরে পাঁচ লাখ টিইইউএস (টুয়েন্টি ফিট পার ইক্যুয়াল ইউনিট) কন্টেইনার ওঠানো-নামানে ার (হ্যান্ডলিং) ক্ষমতা রয়েছে। এ টার্মিনালের পাঁচটি বার্থে একসঙ্গে পাঁচটি সমুদ্রগামী জাহাজ ভেড়ানো যাবে। তিনি জানান, পাঁচটি বার্থ সম্বলিত এক হাজার মিটার দীর্ঘ এ টার্মিনালের নির্মাণ কাজ করেছে চীনা প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রকল্প পরিচালক বলেন, ২০০৪ সালের ফেব্র"য়ারি মাসে কাজ শুরুর পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ টার্মিনালের জেটি ও ইয়ার্ডসহ সব অবকাঠামোগত কাজ শেষ হয়। পুরো কাজ শেষ হওয়ার আগে গত বছরের মাঝামাঝি সময়ে তিনটি বার্থের কাজ সমাপ্ত হয়েছিল। গত বছরের ৪ সেপ্টেম্বর বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'বঙ্গবিজয়' ভেড়ার মাধ্যমে এই টার্মিনালের প্রথম কার্যক্রম শুরু হয়। তখন তিনটি বার্থের মাধ্যমে এনসিটির অর্ধেক অংশজুড়ে কার্যক্রম শুরু হয়। এ তিনটি বার্থের কার্যক্রম চলার মাধ্যমে বন্দরের যে আয় হয়েছে তাতে এনসিটি নির্মাণের প্রায় অর্ধেক ব্যয় ইতোমধ্যে উঠে এসেছে বলে তিনি জানান। প্রকৌশলী খাদেমুল বাশার বলেন, "এনসিটি বুঝে নেয়ার জন্য নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানটি গত ১৮ ডিসেম্বর বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। চিঠি পাওয়ার পর আমরা এটির তত্ত্বাবধানকারী পরামর্শক কোম্পানিকে চিঠি দিয়েছি। ফ্রান্সের পরামর্শক প্রতিষ্ঠান বিসিওম কোম্পানি ছাড়পত্র দিলেই এটি বুঝে নেয়া হবে।" নির্মাণকারী প্রতিষ্ঠানের চিঠি পাওয়ার ২৮ দিনের মধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত জানানোর কথা চুক্তিতে রয়েছে বলে তিনি জানান। বন্দর চেয়ারম্যান এম ফারুক বলেন, সব আধুনিক ব্যবস্থা সম্বলিত দীর্ঘতম এ কন্টেইনার টার্মিনালের কাজ পুরোদমে শুরু হলে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংসহ ইয়ার্ডের ধারণ ক্ষমতা অনেক বাড়বে। বর্তমানে বন্দরের ইয়ার্ডগুলোতে ২৪ হাজার টিইইউএস কন্টেইনার রাখা যায়। এনসিটি পুরোদমে চালু হলে ধারণক্ষমতা ৩০ হাজার ছাড়িয়ে যাবে। বন্দর সূত্র জানায়, সার্ভিস, অপারেট অ্যান্ড ট্রান্সফার (এসওটি) ভিত্তিতে বেসরকারি অপারেটর নিয়োগের জন্য একটি কমিটি নীতিমালা তৈরির কাজ করছে। ওই কমিটির সুপারিশসহ খসড়া নীতিমালা বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমএআর/এমএসবি/১৯২২ ঘ.