ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে মঙ্গলবার থেকে ১৩ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০০৮ শুরু হচ্ছে।
সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান সাহাব উল্লাহ এ কথা জানান।
সাহাব উল্লাহ জানান, মঙ্গলবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা মেলার উদ্বোধন করবেন।
তিনি জানান, এবারের মেলায় সাতটি দেশের ১৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে থাইল্যান্ড। এছাড়া বাংলাদেশের ৩৯৫টি প্রতিষ্ঠানও মেলায় তাদের উৎপাদিত ও রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করবে।
এ মেলা বাংলাদেশের বেসরকারি খাতকে শক্তিশালী করতে সাহায্য করবে এবং বেসরকারি উদ্যোক্তাদের সুস্থ উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশের যোগ্যতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান তিনি।
মেলায় দর্শনার্থীদের সুবিধার জন্য দুটি গেট ও ১৬টি টিকেট কাউন্টার বসানো হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হয়েছে।
১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। তবে ছুটির দিনগুলোতে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ উন্মুক্ত থাকবে। প্রাপ্ত বয়স্কদের জন্য মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্তদের জন্য ৫ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/এমএ/১৯১০ ঘ.
bdnews24