ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাইরের প্রভাব ও চাপ পুলিশকে পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করার প্রধান অন্তরায় হিসাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ ।
সোমবার পুলিশী 'হয়রানি' বন্ধের লক্ষ্যে প্রণোদনামূলক এক কর্মশালায় পাঠ করা মূল প্রবন্ধে ডিএমপি কর্মকর্তা এ কথা বলেন।
রাজধানীর পুলিশ টেলিকম অডিটোরিয়ামে সোমবার কর্মশালাটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার তার প্রবন্ধে বলেন, "পুলিশ হয়রানির মূল উৎস হচ্ছে যুগ যুগ ধরে অব্যবস্থা ও অনিয়ম যা সৃষ্টির জন্য পুলিশ কোনক্রমেই এককভাবে দায়ী নয়।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাইম আহমেদ বলেন, "রাজনৈতিক ও অরাজনৈতিক, এমনকি বিভাগীয় লোকজনের প্রভাবের কারণে পুলিশ তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না।"
তিনি উদাহরণ হিসেবে মোহাম্মদপুরে সোমবার শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক গাড়িচালকের পক্ষে পুলিশের একাধিক উর্ধ্বতন কর্মকর্তার তদবিরের কথা উল্লেখ করেন।
কর্মশালায় ঢাকা মহানগরীর পুলিশ সুপার পদমর্যাদা থেকে কনস্টেবল পর্যন্ত প্রায় দুই হাজার পুলিশ সদস্য অংশ নিয়েছেন।
নাইম আহমেদ বলেন, পুলিশের মানুষকে হয়রানি করার কারণের মধ্যে রয়েছে পেশাগত জ্ঞানের অভাব, অদক্ষতা এবং দূর্নীতির মাধ্যমে অযোগ্যদের নিয়োগ ও পদোন্নতি।
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে অনেকেই লাভবান হতে চায়। এক্ষেত্রে তদন্ত শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে বাদির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি শৃংখলাবিরোধী ও বেআইনী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়টি নিয়েও কর্মশালায় আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এসকে/১৭৩০ঘ.
bdnews24