পটুয়াখালী, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচারাকালে চারটি সামুদ্রিক কচ্ছপসহ খোকন আকন (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাব। কচ্ছপগুলো একটি রিকশা ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় রোববার গভীর রাতে পটুয়াখালী শহরের চৌরাস্তা থেকে আটক করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খাইরুল আলম জানান, দীর্ঘদিন যাবৎ কচ্ছপ পাচারকারী চক্রটি সমুদ্র সৈকত কুয়াকাটা এলাকা থেকে অবৈধভাবে বিরল প্রজাতির কচ্ছপগুলো ধরে প্রতিবেশী বিভিন্ন দেশে পাচার করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা চারটি কচ্ছপসহ পাচারকারী দলের সদস্য খোকনকে আটক করে। প্রতিটি কচ্ছপের ওজন ২৫ থেকে ৩০ কেজি।
র্যাবের হাতে আটক খোকন জানায়, মৎস্য বন্দর আলীপুর এলাকার আবুল মিয়ার আড়ত থেকে কচ্ছপগুলো ভ্যানে করে পটুয়াখালী নিয়ে আসেন তিনি। এখানে হিমাংশু নামের অপর এক পাচারকারী তার কাছ থেকে এগুলো নেয়ার কথা ছিল। ভ্যানে আনার সময় দুটি কচ্ছপ মারা যায়।
রাত দেড়টার দিকে জেলা প্রশাসনের সিদ্ধান্তে জীবিত দুটি কচ্ছপ লঞ্চঘাট এলাকায় নদীতে অবমুক্ত করা হয়। বাকী দুটি আলামত হিসেবে থানায় পাঠানো হয়।
সোমবার জেলা মৎস্য জরিপ কর্মকর্তা শাহ মো. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ প্রজাতির কচ্ছপের সাধারণ নাম সি টার্টল (ঝবধ ঃঁৎঃষব)।
এর আগে ২৮ ডিসেম্বর পুরান ঢাকায় শ্যামবাজারের তাঁতীবাজার থেকে দুটি বিলুপ্ত প্রায় প্রজাতির সামুদ্রিক কচ্ছপ জীবিত উদ্ধার করে পুলিশ।
বিলুপ্ত প্রায় প্রজাতির প্রাণী দুটি বাজারে বিক্রির জন্য আনা হয়েছিল। এ ঘটনায় মামুন নামে এক বিক্রেতাকেও আটক করা হয়েছিল। মামুন জানিয়েছিলেন, তিনি বরগুনার পাথরঘাটা থেকে কাছিম দুটি ধরে ঢাকায় বিক্রির জন্য নিয়ে আসেন।
পরিবেশ অধিদপ্তরের উপকুলীয় ও জলাভূমি জীব বৈচিত্র্য জাতীয় প্রকল্পের পরিচালক মো. আব্দুস সামাদ বলেছিলেন, উদ্ধার করা বিশাল আকারের কচ্ছপ দুটি বিলুপ্তপ্রায় প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। এদের বৈজ্ঞানিক নাম 'ওলিভ রিডলি' (ড়ষরাব ৎরফষবু)।
তিনি জানান, বিলুপ্ত প্রায় প্রাণী বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। সারা বিশ্বে এই প্রাণীর সংখ্যা আশংকাজনক হারে কমছে।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৩ ঘ.
bdnews24