কুষ্টিয়া, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর উপজেলায় রোববার গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা আমিরুল ইসলাম ওরফে রুলু (৫০) নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান, আট রাউন্ড গুলি ও ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, পুলিশের একটি দল মিরপুর উপজেলার ইশালমারী-পুটিমারী এলাকায় রোববার রাতে অভিযানে গেলে ভাঙ্গা ব্রিজের কাছে পুলিশকে লক্ষ্য করে চরমপন্থীরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আমিরুল ইসলাম রুলু মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, আট রাউন্ড গুলি এবং ব্যাবহৃত আটটি গুলির খোসা উদ্ধার করেছে।
আমিরুল ইসলাম রুলু নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এল-এম) এর একাংশ লাল পতাকার আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫০ ঘ.
bdnews24