২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত চট্টগ্রাম ওয়াসার ঠিকাদারের আত্মসমর্পণ

পিভিসি পাইপ লাইন বসানোর কাজে দুর্নীতির অভিযোগে করা মামলায় দন্ডাদেশপ্রাপ্ত চট্টগ্রাম ওয়াসার পলাতক ঠিকাদার এনএম ফারুক আহমেদ রোববার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিভিসি পাইপ লাইন বসানোর কাজে দুর্নীতির অভিযোগে করা মামলায় দন্ডাদেশপ্রাপ্ত চট্টগ্রাম ওয়াসার পলাতক ঠিকাদার এনএম ফারুক আহমেদ রোববার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক এস এম সোলায়মান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতির অভিযোগে পাঁচ বছর করে মোট ১৫ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া আসামি ফারুক আহমদে আদালতে আত্মসমর্পণ করে জামিণের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি জানান, আত্মসমর্পণের দিন থেকেই তার সাজা কার্যকর হবে। পাঁচলাইশ এলাকায় ২০০০ সালে পিভিসি পাইপ লাইন বসানোর কাজে প্রায় ১৭ লাখ টাকা দুর্নীতির অভিযোগে করা মামলার রায়ে আদালত গত ২ ডিসেম্বর প্রকৌশলী কাজী আবু তাহেরসহ চার আসামির প্রত্যেককে তিনটি পৃথক ধারায় ৫ বছর করে মোট ১৫ বছর কারাদণ্ড দেয়। (তবে তাদের সাজা একসঙ্গে কার্যকর হবে।) একইসঙ্গে আদালত প্রত্যেককে চার লাখ ২৫ হাজার টাকা করে জরিমানা এবং সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওয়াসার প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামকে খালাস দেয়া হয়। ২০০০ সালে নগরীর পাচঁলাইশ বালিকা বিদ্যালয় থেকে তক্তার পুল পর্যন্ত পিভিসি পাইপ লাইন বসানোর ঘটনায় ১৭ লাখ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৪ সালের ১৭ জুন তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সে সময়ের দুর্নীতি দমন ব্যুরো (বর্তমানে দুদক) এর পরিদর্শক মবিনুল ইসলাম এ মামলাটি করেন। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০৩০ ঘ.