ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধুরিয়ায় রোববার ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিমেন্স বাংলাদেশ এর কর্মকর্তা গোপীনাথ চন্দ্র সাহাসহ (২৯) তিনজন নিহত হয়েছেন।
চাঁদপুরে বাসের ধাক্কায় মারা গেছে ইমাম হোসেন (৬) নামের এক শিশু।
এর আগে শনিবার রাতে চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, দুর্ঘটনায় গোপীনাথ চন্দ্র সাহা ছাড়াও মারা গেছেন তার ভাতিজা সৌমিক সাহা (১৪) ও অজ্ঞাত পরিচয় এক যুবক। আহত হয়েছেন বাসের ২০ যাত্রী। তাদের ঢাকা ও নারায়গঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপীনাথ সাহা নিজেই প্রাইভেট কারটি চালিয়ে ঢাকায় ফিরছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী বাস লাকী এক্সপ্রেসের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তার আত্মীয় নারায়ণগঞ্জের ব্যবসায়ী প্রবীর সাহা জানান, কিশোরগঞ্জ থেকে ফেরার পথে গোপীনাথ সাহার গাড়িটি নষ্ট হয়। ঢাকা থেকে মেকানিক নিয়ে মেরামতের পর ওই গাড়িতেই তারা ফিরছিলেন। তিনি সিমেন্স বাংলাদেশ এর ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা।
সৌমিক সাহা নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়ী স্বদেশ সাহার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, নিহত ইমাম হোসেনের বাড়ি সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে।
তার বাবা মকবুল গাজী জানান, সকাল ১০টায় দিকে তিনি তার ছেলেকে ওষুধ কেনার জন্য দোকানে পাঠান। রাস্তায় চাঁদপুর থেকে ফরিদগঞ্জগামী জিত পরিবহণের একটি বাস ইমামকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক পান্নালাল বর্মণ জানান, এ ঘটনার পর স্থানীয় জনতা প্রায় এক ঘন্টা চাঁদপুর-ফরিদগঞ্জ সড়ক অবরোধ কর রাখে। তারা দুটি অটো রিকশার কাচ ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম অফিস জানায়, নগরীর কোতোয়ালী থানাধীন গণি বেকারির মোড়ে শনিবার রাতে বাসের ধাক্কায় মো. লিটন (২৩) নামে এক পথচারী মারা গেছেন।
লিটন হাটহাজারী উপজেলার উদালিয়া এলাকার আবদুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে দশটার দিকে শহর এলাকায় চলাচলকারী একটি বাস গণি বেকারির মোড়ে নিয়ন্ত্রণ হারালে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় রাস্তায় থাকা পথচারী মো. লিটন গুরুতর আহত হন।
তিনি জানান, লিটনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/১৫২৫ ঘ.
bdnews24