২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব

একজন উর্ধ্বতন সেনা কর্মকর্তা শনিবার জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবিত ওই নিরাপত্তা পরিষদ নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে সরকার প্রধানকে প্রয়োজনীয় পরামর্শ দেবে। সেনা বাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর একটি হোটেলে অনাবাসী বাংলাদেশী সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তৃতা করার সময় এ প্রস্তাব দেন। জে. জাহাঙ্গীর অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- একজন উর্ধ্বতন সেনা কর্মকর্তা শনিবার জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবিত ওই নিরাপত্তা পরিষদ নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে সরকার প্রধানকে প্রয়োজনীয় পরামর্শ দেবে। সেনা বাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর একটি হোটেলে অনাবাসী বাংলাদেশী সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তৃতা করার সময় এ প্রস্তাব দেন। জে. জাহাঙ্গীর অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে। লে. জে. জাহাঙ্গীর বলেন, "আধুনিক বিশ্বে সরকারকে সহায়তা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাসহ বিভিন্ন অপ্রচলিত ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ভূমিকা রাখছে। বাংলাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে প্রশংসা অর্জন করেছে। এর ফলে জেএমবির মতো সংগঠনের ভয়াবহ অপরাধের ঘটনা নিয়ন্ত্রণ ও এসব সংগঠনের নেতা-কর্মীদের বিচারের মুখোমুখি করা গেছে।" এমন অবস্থায় সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বাংলাদেশের জন্য একটি সমন্বিত জাতীয় কৌশল নির্ধারণ করা প্রয়োজন মন্তব্য করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন এক্ষেত্রে একটি সমাধান হতে পারে।" অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের প্রয়োজন সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "এটি হলে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এই পরিষদ জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে নীতিমালা তৈরির দায়িত্বে থাকবে এবং এ বিষয়ে সরকার প্রধানকে পরামর্শ দেবে।" সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ সৌদি আরবে থাকাকালে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। জাহাঙ্গীর আলম চৌধুরী বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমাতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এছাড়া, দেশের উন্নয়নে অনাবাসী বাংলাদেশীদের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি এবং জাতীয় নির্বাচনে তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার ওপরও জোর দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএনডি/এসকে/২১১৩ঘ.