ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
তিনি আরো বলেন, দক্ষ জনশক্তি পাঠানোর জন্য বিভিন্ন দেশ অনুরোধ করছে। (সমন্বিত)
শনিবার হোটেল শেরাটনে প্রথম অনাবাসী বাংলাদেশী (এনআরবি) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেন, "আমাদের অভিন্ন লক্ষ্য হলো ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের জন্মভূমিকে ২০২১ সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত করা।"
প্রধান অতিথির ভাষণ দেওয়ার পর প্রধান উপদেষ্টা সম্মেলনে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দর্শকরা আমলাতন্ত্র, বিদেশে বাংলাদেশী মিশন ও ব্যাংক সম্পর্কে অভিযোগ করেন।
বাংলাদেশি মিশন এবং দেশের বিমানবন্দরে হয়রানি সম্পর্কে প্রবাসীদের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেননি প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। তিনি বলেন, "এটা অনস্বীকার্য যে সেখানে উন্নতির অনেক সুযোগ রয়েছে।"
প্রবাসীদের ভোটাধিকারের দাবি সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে কথা বলার জন্য কমিশনের ব্রিটেনে প্রতিনিধি পাঠানোর কথা উল্লেখ করেন।
ড. ফখরুদ্দীন বলেন, "আমরা দেখতে হবে কিভাবে এটা করতে হবে, কি কি উপকরণ ও আইনগত সুবিধা দরকার।"
এনআরবি সম্মেলনে উপস্থিত এক অনাবাসী জানান, নিউজিল্যান্ডে বাংলাদেশি নার্স রপ্তানির খুব সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, "জনশক্তি পাঠানোর জন্য আমরা বিভিন্ন দেশের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। আমরা আমাদের জনশক্তিকে প্রশিক্ষিত করার জন্য সব সম্পদ ব্যবহার করছি।"
তিনি বলেন, সরকার পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে।
ড. ফখরুদ্দীন বলেন, বাংলাদেশের সব মিশনকে তাদের ওয়েব সাইট নিয়মিত আপডেট করতে হবে। তিনি প্রবাসীসহ সবাইকে প্রতিক্রিয়া জানানোর জন্য ভববফনধপশ@ঢ়সড়.মড়া.নফ ঠিকানায় ই-মেইল করার অনুরোধ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট সদস্য হ্যানসেন হাশিম ক্লার্ক, যুক্তরাজ্যের ব্র্যাক প্রতিনিধি সান্ড্রা কবির।
সম্মেলনে প্রধান উপদেষ্টা আট বাংলাদেশি ও অনাবাসী গুণীজনকে 'স্কলার অব দ্য ইয়ার ২০০৭' পদক দেন। পদকপ্রাপ্তরা হলেন, শিক্ষা ও গবেষণায় অধ্যাপক ফজলে হুসেইন ও নজরুল ইসলাম; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে ইকবাল কাদির এবং হরিপদ কাপালি; কলা ও সংস্কৃতিতে কলিম শরাফী ও মুনিরুল ইসলাম; স্বাস্থ্য ও চিকিৎসায় অধ্যাপক ডা. এ বি এম এফ করিম ও ডা. এম আর খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এসকে/২২০১ঘ.
bdnews24