২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি সমস্যা নিয়ে রেগুলেটরি রিফর্মস কমিশনের আওতায় টাস্কফোর্স হচ্ছে

ভূমি সংক্রান্ত সমস্যা নিরসনে রেগুলেটরি রিফর্মস কমিশনের আওতায় একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। আগামী ৮ জানুয়ারি কমিশনের বৈঠকে কমিশন সদস্য মূয়ীদ চৌধুরীকে প্রধান করে এ টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলী খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি সংক্রান্ত সমস্যা নিরসনে রেগুলেটরি রিফর্মস কমিশনের আওতায় একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। আগামী ৮ জানুয়ারি কমিশনের বৈঠকে কমিশন সদস্য মূয়ীদ চৌধুরীকে প্রধান করে এ টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলী খান। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভূমি সংক্রান্ত যেসব অভিযোগ আমরা পেয়েছি, সেগুলো নিষ্পত্তির জন্য এই টাস্কফোর্স কাজ করবে। ওই বৈঠকেই টাস্কফোর্সের সদস্য সংখ্যা নির্ধারণ করে দেয়া হবে।" কমিশন চেয়ারম্যান বলেন, "ভূমি রেজিস্ট্রেশন, মিউটেশন, মালিকানা পরিবর্তন সংক্রান্ত সনদ, জমির রেকর্ড পদ্ধতিগুলো সহজ করার বিষয় নিয়ে কাজ করবে টাস্কফোর্স। তারা সুপারিশ দেয়ার পর সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে। দলিল জাল করে জমির মালিকানা পরিবর্তনের বিষয়টি বন্ধ হবে।" অর্পিত সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিয়ে এই টাস্কফোর্স কাজ করবে কি না জানতে চাইলে আকবর আলী খান বলেন, "এ ব্যাপারে এখনও পর্যন্ত আমাদের কিছু বলা হয়নি।" দায়িত্ব নেয়ার পরপরই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রশাসনিক সংস্কারের কাজে হাত দেয়। এর আওতায় ভূমি মন্ত্রাণালয় জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধুনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়। এ জন্য একটি কমিটিও করা হয়। সে সময় অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম নিজে উদ্যোগী হয়ে এ সংক্রান্ত কাজে প্রয়োজনীয় পরামর্শ দেন। তারই আলোকে প্রাথমিকভাবে একটি খসড়া দাঁড় করানো হয়। এতে বলা হয়, জমির প্রকৃত মালিক অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা দলিল হাতে পাবেন। জমির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে নামজারি বা মিউটেশনের মাধ্যমে নতুন মালিকের নাম সরকারি নথিভুক্ত করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এ ক্ষেত্রে যেসব দাপ্তরিক আনুষ্ঠানিকতা এখন অনুসরণ করা হয়, নতুন ব্যবস্থায় তা করতে হবে না। ফলে অল্প সময়ের মধ্যে মালিকানা পরিবর্তন সংক্রান্ত সনদ হাতে পাবেন প্রকৃত মালিক। সংশ্লিষ্ট সব নথিপত্র কম্পিউটার ও খাতাপত্রে সংরক্ষণ করা হবে। ভূমি সংক্রান্ত টাস্কফোর্স এই খসড়া সুপারিশগুলো মাথায় রেখে তাদের চূড়ান্ত সুপারিশ কমিশনকে জানাবে। সরকার সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এমএ/১৮১৭ঘ.