সাভার, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি যাওয়া দুটি বিষ্ণুমূর্তির একটির সবগুলো ভাঙা টুকরো পাওয়া গেছে। অপর মূর্তিটিরও কয়েকটি টুকরোসহ শুক্রবার মোট ২৭টি টুকরো উদ্ধার হয়েছে। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ এগুলোকে বিষ্ণুমূর্তির ভাঙা টুকরো বলে সনাক্ত করেছে।
এদিকে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার দাবি করেছেন পুরাকীর্তি চুরির সঙ্গে জড়িতদের তারা চিহ্নিত করতে পেরেছেন। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এর সঙ্গে জড়িত বলেও জানতে পেরেছেন তারা। তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
র্যাব ও পুলিশ সদস্যরা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টানা তল্লাশী চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুরে আবর্জনার স্তুপ থেকে মোট ২৭টি টুকরো উদ্ধার করে।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিটি করপোরেশনের ১৩ জন কর্মী আবর্জনার স্তুপ থেকে টুকরোগুলো খুঁজে বের করার কাজ করছে। র্যাব এর পক্ষ থেকে শুক্রবার দুপুরে তাদের প্রত্যেককে ৫শ' টাকার পুরস্কার দেওয়া হয়।
জাদুঘরের ভারপ্রাপ্ত কিপার ড. স্বপন কুমার বিশ্বাস দুপুরে সাংবাদিকদের বলেন, ''আজ এখানে যে টুকরোগুলো পাওয়া গেছে, সেগুলো হারিয়ে যাওয়া বিষ্ণুমূর্তিদুটির অংশ বলে আমরা নিশ্চিত হয়েছি।"
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "একটি বিষ্ণুমূর্র্তির সবগুলো টুকরো পাওয়া গেছে। এগুলো জোড়া লাগানো গেলে মূর্তিটি পূর্ণাঙ্গতা পাবে।''
জাদুঘরের সংরক্ষণ রসায়নবিদ শফিকুল আলম বলেন, ''হারিয়ে যাওয়া বিষ্ণুমূর্তির ছবির সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে যে খুঁজে পাওয়া টুকরোগুলো ওই মূর্তিরই অংশ।"
সন্ধ্যায় বিঞ্চুমূর্তি চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা মনু সোহেল ইমতিয়াজ ও বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন সারাদিনে উদ্ধার করা টুকরোগুলোর জব্দ তালিকা তৈরি করেন।
রহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৭টি টুকরোর মধ্যে একটি মূর্তির ৭টি টুকরো রয়েছে। বাকি ২০টি টুকরো অন্য মূর্তিটির। বাকি টুকরোগুলোর সন্ধানে শনিবার সকাল থেকে আবার তল্লাশী শুরু হবে।
র্যাব-১ এর উপ অধিনায়ক মেজর খায়রুল আমীন জানান, সন্ধ্যা পর্যন্ত যে টুকরাগুলো উদ্ধার করা হয়েছে তার সঙ্গে আসল মুর্তির ছবির মিল পাওয়া গেছে। উদ্ধার করা টুকরাগুলোর মধ্যে রয়েছে মূর্তির মাথা, দেহের অংশ, মাথার চূড়া, পায়ের পাতা, আঙ্গুল ও হাঁটুর নিচের অংশ।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক (ডিজি) সমর চন্দ্র পাল শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কাছে হারিয়ে যাওয়া মূর্তি দুটোর যে ডকুমেন্ট রয়েছে তা যাচাই-বাছাই করে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে উদ্ধার করা টুকরোগুলো ওই মূর্তিরই অংশ। তবে এখনই এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না। কারণ মূর্তি দুটোর সন্ধানে সাভারের ওই স্থানটি ছাড়াও দেশের আরো কয়েকটি স্থানে অনুসন্ধান চলছে। সবগুলো অভিযান শেষ হলে তবেই নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া সম্ভব।"
এদিকে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটির (পলওয়েল) বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের বলেন, "আমরা চোরকে সনাক্ত করতে পেরেছি। কারা এর সঙ্গে জড়িত তাও নিশ্চিত হয়েছি। জোরেশোরে তদন্তের কাজ চলছে। অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এর সঙ্গে জড়িত আছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনই এ ব্যাপারে কিছু বলা ঠিক হবে না। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে আমরা সবকিছু প্রকাশ করবো।"
বিষ্ণুমূর্তি দুটো ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য পাঠানোর সময় জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে খোয়া যায়। এ নিয়ে দেশে তুমুল বিতর্ক ও প্রতিবাদের ঝড় উঠে। এক পর্যায়ে বৃহস্পতিবার সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী পদত্যাগ করেন। এর আগে উপদেষ্টা পরিষদ পুরাকীর্তির দ্বিতীয় চালানটি ফ্রান্সে না পাঠানোর এবং প্রথম চালানে পাঠানো পুরাকীর্তিগুলো ফ্রান্স থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএনএস/জেকে/এমএ/২০২৮ঘ.
bdnews24