২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সিদ্ধান্ত মেনে প্রদর্শনীটি বাতিল করেছে ফরাসি সরকার

গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য পুরাকীর্তি না পাঠানোর বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে মেনে নিয়ে প্রদর্শনীটি বাতিল করেছে ফরাসি সরকার। একইসঙ্গে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি বিষ্ণুমূর্তি চূরির ঘটনা তদন্তে বাংলাদেশকে সহায়তারও আশ্বাস দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য পুরাকীর্তি না পাঠানোর বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে মেনে নিয়ে প্রদর্শনীটি বাতিল করেছে ফরাসি সরকার। একইসঙ্গে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি বিষ্ণুমূর্তি চূরির ঘটনা তদন্তে বাংলাদেশকে সহায়তারও আশ্বাস দিয়েছে তারা। বৃহস্পতিবার ঢাকায় ফরাসি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, 'প্যারিসের গিমে জাদুঘরে বাংলাদেশের বিভিন্ন পুরাকীর্তির প্রদর্শনীর চুক্তি বাতিলের বিষয়ে বাংলাদেশ সরকারের স্বাধীন সিদ্ধান্তকে মেনে নিয়েছে ফ্রান্স। সারাবিশ্বের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপনের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ থাকলেও আমরা এই সিদ্ধান্তের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল।' এ ঘটনার পরও বাংলাদেশের প্রতি ফরাসি সরকারের বন্ধুসুলভ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। ফরাসি দূতাবাসের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ফ্রান্সে পাঠানো ৪২টি পুরাকীর্তি ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের অনুরোধের বিষয়টি এরই মধ্যে গিমে জাদুঘর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুরাকীর্তিগুলো বাক্সবন্দী করা হচ্ছে। এ ব্যাপারে আরও তথ্য জানতে গিমে জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।' পুরাকীর্তির দ্বিতীয় চালানটি ফ্রান্সে পাঠানোর সময় গত ২২ ডিসেম্বর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি মূল্যবান বিষ্ণুমূর্তি চুরি যায়। মূর্তি খোয়া যাবার পর বাংলাদেশ সরকার ফ্রান্সে পুরাকীর্তি না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়। গিমে জাদুঘর কর্তৃপক্ষ বাংলাদেশের এই সিদ্ধান্তকে চুক্তিভঙ্গ হিসেবে আখ্যায়িত করে। এরআগে জোট সরকারের আমলে বাংলাদেশ ও ফরাসি সরকারের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তি অনুসারে প্রথম চালানে ৪২টি পুরাকীর্তি গিমে জাদুঘরে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 'এরপর নতুন সংবাদ সম্মেলন করার জন্য এ ব্যপারে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ফরাসি দূতাবাস।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/টিএইচ/এমএ/১৭০৭ঘ.