২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ মানুষের প্রতিরোধের মাধ্যমে দুর্নীতি দমন সম্ভব: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী বলেছেন, কোন আইন করে নয় বরং সাধারণ মানুষের প্রতিরোধের মাধ্যমেই দুর্নীতি দমন সম্ভব। সাধারণ মানুষের ইচ্ছা, চেষ্টা আর আকাক্সক্ষাই পারে জাতিকে এই ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত করতে। তিনি বলেন, "নিজেরা এর (দুর্নীতি) থেকে দূরে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, আলোচনা করে, সংঘবদ্ধভাবে এর প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাহলেই জাতিকে আমরা এই অভিশাপ থেকে মুক্ত করতে পারব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 09:45 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী বলেছেন, কোন আইন করে নয় বরং সাধারণ মানুষের প্রতিরোধের মাধ্যমেই দুর্নীতি দমন সম্ভব। সাধারণ মানুষের ইচ্ছা, চেষ্টা আর আকাক্সক্ষাই পারে জাতিকে এই ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত করতে। তিনি বলেন, "নিজেরা এর (দুর্নীতি) থেকে দূরে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, আলোচনা করে, সংঘবদ্ধভাবে এর প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাহলেই জাতিকে আমরা এই অভিশাপ থেকে মুক্ত করতে পারব।" বৃহস্পতিবার মুন্সীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ অভিযান বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান বলেন, "আমাদের দেশে দুর্নীতিপরায়ণ লোকের সংখ্যা ১০ ভাগের বেশি নয়। তাদের কারণে দুর্নীতিগ্রস্ত দেশ বা জাতি হিসেবে বিশ্ব দরবারে যে দুর্নাম আমাদের কুড়াতে হয়েছে দুর্নীতি রোধ করে সেই হারানো গৌরব ফিরিয়ে আনা এখনও সম্ভব। আমরা সকলেই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলেই আমাদের এই গৌরব ফিরিয়ে আনা সম্ভব।" মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মনির উদ্দিন, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আবু তালেবসহ বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের নেতারা। মতবিনিময় সভার পর প্রশ্নোত্তর পর্বে দুর্নীতি দমন কমিশন স্বাধীন কিনা জানতে চাইলে হাসান মশহুদ চৌধুরী বলেন, "স্বাধীনতা একটি আপেক্ষিক বিষয়। একটা ভূল বোঝাবুঝির জন্যই এই বিষয়টি বার বার আলোচনায় আসে। বর্তমান সরকার এ ব্যাপারে সৎ চিন্তার পরিচয় দিয়েছে। দুদক, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে।" তিনি বলেন, "ভবিষ্যতে এই স্বাধীনতা থাকবে কিনা তা নির্ধারণ করব আমরাই। কারণ আমাদের ভোটেই নির্বাচিত হবে সরকার। আমরা যদি সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করি তাহলেই স্বাধীনতা অটুট থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএ/১৫৩৮ ঘ.