ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৃজনশীল বইয়ের প্রকাশনা সংস্থা মুক্তধারার প্রতিষ্ঠাতা, অগ্রণী প্রকাশক চিত্তরঞ্জন সাহা পরলোক গমন করেছেন।
বুধবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ৮০ বছর বয়সে তিনি পরলোক গমন করেন।
চিত্তরঞ্জন সাহা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার নোয়াখালী জেলার বেগমগঞ্জে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত ছিলেন তিনি। ২০০৫ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
বই বিক্রিকে একটি সফল আন্দোলনে রূপ দেন চিত্তরঞ্জন সাহা। বিগত শতাব্দীর ৭০ দশকে বাংলা একাডেমীর বটতলায় ফেব্র"য়ারি মাসে তিনি টেবিল পেতে বই বিক্রি করতেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীকালে চালু ও ব্যাপক আকার পায় বাংলা একাডেমীর একুশে বই মেলা।
বই বিক্রিকে একটি আন্দোলনে রুপ দিতে চিত্তরঞ্জন সাহা বিভিন্ন জেলায় মাইক দিয়ে প্রচারণা চালাতেন। '৭১-এ মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতায় স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ নামে একটি সংগঠন গড়ে তোলেন। তার প্রকাশনা সংস্থা মুক্তধারা থেকে বহু লেখকের জীবনের প্রথম বই প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমএ/১২৩৮ঘ.
bdnews24