২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরাটনে শিশুদের জন্য 'চিল্ড্রেন কার্নিভাল'

বড়দিনের গান শেষ হওয়া মাত্রই ঘোষণা দেয়া হলো খুব শিগগিরই আসছে সান্তাক্লজ। শুরু হলো গণনা। এক দুই তিন গুণতেই শোনা গেল সান্তার ঘন্টাধ্বনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 09:31 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বড়দিনের গান শেষ হওয়া মাত্রই ঘোষণা দেয়া হলো খুব শিগগিরই আসছে সান্তাক্লজ। শুরু হলো গণনা। এক দুই তিন গুণতেই শোনা গেল সান্তার ঘন্টাধ্বনি। দেশটা বাংলাদেশ বলে রেইনডিয়ার টানা স্লেজের বদলে বুড়ো সান্তা হোটেল শেরাটনের বলরুমে ঢুকলেন টুং টাং ঘণ্টি বাজিয়ে ঝলমলে রিকশায়। মাথায় টুপি, সাদা দাড়ির সান্তাক্লজকে উপহারসহ দেখতে পেয়ে উল্লাসে মেতে ওঠে শিশুরা। মঙ্গলবার বড়দিন উপলক্ষে শিশুদের জন্য এ 'চিল্ড্রেন কার্নিভাল' এর আয়োজন করেছিল হোটেল শেরাটন কর্তৃপক্ষ। বাবা মায়ের হাত ধরে অনেক শিশুই এসেছিল এ কার্নিভালে অংশ নিতে। আয়োজন করা হয়েছিল বড়দিনের গানের। ছিল বুড়ো সান্তাক্লজের নাকে পিন ঢুকানোসহ আরও মজার খেলা। সকাল ১১টায় বড়দিনের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বেশ কয়েকটি গানের পর ঘণ্টা বাজিয়ে বলরুমে ঢোকেন বুড়ো সান্তাক্লজ। সঙ্গে বড়দিনের উপহার। বলরুমে ঢুকেই সান্তাক্লজ শিশুদের মধ্যে উপহার বিলোতে থাকেন। চারদিক থেকে বাচ্চারা ঘিরে ধরে তাকে। উপহার দেয়া শেষ হতেই শুরু হয় মজার মজার খেলার পর্ব। একটি ছিল চোখ বেঁধে বুড়ো সান্তাক্লজের ছবিতে পিন ঢোকানোর প্রতিযোগিতা। তিনটি শিশু সান্তাক্লজের নাক ফুটো করে পুরস্কার জিতে নেয়। নাক ফুটো করার খেলার পাশপাশি চলতে থাকে সান্তাক্লজের সঙ্গে ছবি তোলার পালা। এখানেও ছিল লম্বা লাইন। সান্তাক্লজ নানা ভঙ্গিমায় শিশুদের সঙ্গে ছবি তোলেন। এছাড়াও সান্তাক্লজ হোটেলে ঘুরে ঘুরে শিশুসহ সবার সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। শিশুদের জন্য চকোলেট রাইটিং, ট্রেজার হান্ট, ক্রিসমাস ক্যারল মিউজিক্যাল চেয়ার খেলারও আয়োজন করা হয়। চকোলেট আর আইসক্রিমও দেওয়া হয় তাদেরকে। দুপুরে হয় র‌্যাফেল ড্র । বড়দিন উপলক্ষে হোটেল বলরুম বেলুন, রঙিন ফুল দিয়ে সাজানো হয়। লবিতে স্থাপন করা হয়েছে বিরাট একটি ক্রিসমাস ট্রি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৫২৬ঘ.