ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় মা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যু এবং সন্ত্রাসীদের হামলায় একজন নিহত হয়েছেন। ভোলায় সন্ত্রাসীদের হামলায় মারা গেছেন আরেকজন। মৌলভীবাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিজের মা'সহ দুজনকে হত্যা করেছেন। এছাড়া সাভারে মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর -
সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামে স্বামীর নির্যাতনে স্ত্রী মারা গেছে এবং তাদের শিশুকন্যারও অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলার আগরদাড়ি গ্রামের এক যুবককে কুপিয়ে হত্যা করছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে আশাশুনি থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুস ছালাম জানান, রোববার রাতে যৌতুকের জন্য স্বামী সালাউদ্দীন স্ত্রী শাহানারাকে মারধর করে। খবর পেয়ে শাহনোরার বাবা ও আত্মীয়স্বজনরা আহত শাহানারাকে সখিপুর হাসপাতালে ভর্তি করে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় শাহানারা মারা যায়। লাশ নিয়ে বাড়ি ফিরে শাহানারার ছয়মাসের শিশু কন্য সুমাইয়া পারভিন রিমুকে বিছানায় মৃত পড়ে থাকতে দেখে তার বাপের বাড়ির লোকজন।
সাতক্ষীরার পুলিশ সুপার মীর্জা আব্দুলাহেল বাকী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নির্যাতিত গৃহবধু তার শিশুকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
যৌতুকের জন্য সালাউদ্দীন শিকারী তার স্ত্রীকে প্রায়ই মারধর করতেন বলে জানিয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে নিহতের ভাই আলমগীর হোসেন একটি মামলা করেছে। পুলিশ সালাউদ্দীনের বাবা নজরুল শিকারী ও মা খুকুমনিকে গ্রেপ্তার করলেও সালাউদ্দীন পালাতক রয়েছে।
এদিকে সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক নাজমুনাহার কুমকুম জানান, রোববার রাতে সদরের আগরদাড়ি গ্রামের যুবক আব্দুল ওহাবকে (২২) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।
পার্শ্ববর্তী শিবপুর গ্রামে নিজ ঘেরের বাসায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। হত্যার কারণ জানা যায়নি।
এ ব্যাপারে নিহতের বাবা জাহাবক্স গাইন সদর থানায় একটি মামলা করেছেন।
ভোলা: নিজের জমি রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ভোলার রাজাপুর ইউনিয়নের আবদুল মন্নান (৪০) নিহত হয়েছেন।
নিহতের স্ত্রী তাসনুর বেগমের উদ্ধৃতি দিয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, রোববার রাতে প্রতিবেশী আজিজের নেতৃত্বে কিছু সন্ত্রাসী জমি দখলের চেষ্টা করলে খবর পেয়ে আবদুল মান্নান সেখানে গিয়ে তাদের বাধা দেন। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মান্নানকে কুপিয়ে আহত করে।
স্থানীয় লোকজন মান্নানকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর পথে তিনি মারা যান।
সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মৌলভীবাজার: ভাত দিতে দেরি করায় কুলাউড়া পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বন্যা শিবির এলাকায় সোমবার সন্ধ্যায় আবদুল বাছিত (২০) নামে এক মানসিক রোগী মা সুফিয়া খাতুন (৬৫) ও নেকজান বিবি নামে এক প্রতিবেশীকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক সবুর জানান, অপ্রকৃতস্থ বাছিত সন্ধ্যায় তার মায়ের কাছে ভাত চায়। ভাত দিতে দেরি করায় তিনি দা দিয়ে সুফিয়া খাতুনকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই সুফিয়া খাতুন মারা যান।
পরে সে দা নিয়ে বেরিয়ে প্রতিবেশী নেকজান ও রোজী বেগমের ঘরে ঢুকে তাদের কোপায়। এলাকার লোকজন চিৎকার শুনে এগিয়ে আসে এবং তাদের কুলাউড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালে নেকজান বিবি মারা যান।
কুলাউড়া স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আবদুল হাই জানান, হাসপাতালে আনার পর নেকজান বিবি মারা যান।
পুলিশ আবদুল বাছিতকে গ্রেপ্তার করেছে।
সভার: সাভার উপজেলার পাথলিয়া ইউনিয়নের মির্জা গোলাম হাফিজ কলেজের কাছে নিরিবিলি হাউজিং এর ভেতর থেকে সোমবার পুলিশ মাথা বিহীন অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, দুপুর ২টার দিকে মাথা বিহীন দেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পড়নে কালো প্যান্ট ও হলুদ ডোরা গেঞ্জি পরিহিত ছিল। লাশের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24