ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যিশু খ্রিস্টের জন্মতিথি পবিত্র বড়দিন মঙ্গলবার। এ উপলক্ষে সারাদেশের গির্জাগুলো রঙিন বাতি ও ফুল দিয়ে সাজানো হয়েছে। স্থাপন করা হয়েছে দরিদ্রঘরে খ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালাটিও।
সোমবার থেকেই উৎসব আনন্দে মেতে উঠেছে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। রাতে চার্চগুলোতে হবে বিশেষ প্রার্থনা।
খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস অনুযায়ী, পৃথিবীতে ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন নারীর প্রয়োজন ছিল। সেই নারীই হলেন কুমারী মারিয়া বা মেরি। ইসলাম ধর্মবিশ্বাসীদের কাছে আবার তিনিই ঈসা নবীর (আ:) মাতা মরিয়ম। ধর্ম বিশ্বাস বলে, এখন থেকে দুই হাজার বছরেরও বেশি আগে ঈশ্বরের বার্তাবাহক গ্যাব্রিয়েল মারিয়াকে বলেন, "তুমি প্রভুর অনুগ্রহ লাভ করেছ, তুমি একটি পুত্র সন্তান জন্ম দেবে।" (আরও তথ্যসহ- ১)
মারিয়া সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই কুমারি হলেও ঈশ্বরের অসীম করুণা ও অলৌকিক ক্ষমতায় গর্ভবতী হলেন। তার কোল আলো করে জন্ম নেয় এক শিশু। 'ঈশ্বরের দূত' গ্যাব্রিয়েলের কথামতো শিশুর নাম রাখা হয় যিশু। সেই যিশুর জন্মতিথি ২৫ ডিসেম্বর সারা বিশ্বে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয় বড়দিন।
ঢাকার সহকারী বিশপ থিয়োটনিয়াস গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "চার সপ্তাহ আগে থেকেই বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। প্রথমে আধ্যাত্মিক প্রস্তুতি নেওয়া হয়। এরপর উৎসবের জন্য করণীয় ঠিক করা হয়। নতুন বছরকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।"
তিনি জানান, বড়দিন উপলক্ষে পোপ ষোড়শ বেনেডিক্ট এবার 'আশা'র বাণী দিয়েছেন। পৃথিবী অনেক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে মন্তব্য করে বিশপ বলেন, এর মধ্যে মানুষ যাতে নিরাশ না হয় সেজন্যই এই 'আশা'র বাণী।
বড়দিনে দেশের সব মানুষ, বিশেষ করে দুর্গত ও দরিদ্র মানুষের জন্য প্রার্থনা করা হবে বলে জানান থিয়োটনিয়াস গোমেজ।
তিনি বলেন, সোমবার সন্ধ্যার পর থেকেই চার্চগুলোতে প্রার্থনা শুরু হবে। যিশুর পৃথিবীতে নেমে আসা উপলব্ধি করতেই আয়োজিত হয় রাতের এই প্রার্থনা।
এছাড়া, মঙ্গলবার সকালে সারাদেশের গির্জাগুলোতে উপাসনা শুরু হবে। সঙ্গে থাকবে কীর্তন ও বিভিন্ন ধরনের ধর্মীয় সংগীত।
দেশের প্রধান প্রার্থনা হবে রমনা ক্যাথেড্রালে। ঢাকার সহকারী বিশপ থিয়োটনিয়াস গোমেজই এটি পরিচালনা করবেন। তবে অংশগ্রহণকারীদের সংখ্যার বিচারে সবচেয়ে বড় প্রার্থনা অনুষ্ঠিত হবে ঢাকার তেজগাঁওয়ের জপমালা গির্জায়। সেখানে চার থেকে পাঁচ হাজার মানুষ প্রার্থনায় অংশ নিতে পারে বলে জানিয়েছেন 'খ্রিস্টান যোগাযোগ কেন্দ্রের' ফাদার কমল কোড়াইয়া।
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমে
bdnews24