২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নাট্যকারের বাড়িতে জামাত-শিবিরের হামলার অভিযোগ

রংপুরের বদরগঞ্জে নাট্যকার ও টিভি ব্যক্তিত্ব নান্নু চৌধুরীর বাড়িতে হামলা ও তাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয় জনের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 11:42 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

রংপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জে নাট্যকার ও টিভি ব্যক্তিত্ব নান্নু চৌধুরীর বাড়িতে হামলা ও তাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয় জনের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, উপজেলা জামায়াতের সভাপতি শাহ রোস্তম আলী ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খানের নেতৃত্বে জামায়াত-শিবিরের সশস্ত্র কর্মীরা শনিবার উপজেলা সদরের বালুয়াভাটা মহল্লায় তার বাড়িতে হামলা চালায়। তারা ঈদের আগের দিন বাড়ির সামনে বোমা মারে বলেও অভিযোগ করা হয়। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সাহা অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। তবে সোমবার দুপুর পর্যন্ত অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ হয়নি। এ ব্যাপারে প্রদীপ কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগটি কেন এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়নি জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান। নান্নু চৌধুরীর অভিযোগ, তিনি (নান্নু চৌধুরী) যাতে প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন সে জন্য বেশ কিছু দিন ধরে জামায়াত-শিবির কর্মীরা তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছিল। ঈদের আগে দিন বৃহস্পতিবার জামায়াত কর্মীরা তার বাসার সামনে বোমা ফাটায়। ঈদের পরদিন দুপুরে শাহ রোস্তম আলী ও হান্নান খানের নেতৃত্বে একদল কর্মী অস্ত্রশস্ত্রসহ তার বাড়িতে হামলা চালিয়ে তাকে বেদম মারধর করে। লিখিত অভিযোগে বলা হয়, ওই ঘটনায় যেন কোনো মামলা না করা হয় সে জন্যও জামায়াত-শিবির নেতা-কর্মীরা নান্নুকে হুমকি দিচ্ছে। নান্নু চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ডিউক চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব) সাধারণ সম্পাদক আসম রওশন আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/১৭৩৭ ঘ.