ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, কক্সবাজার ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সোমবার চারজন জন নিহত হয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও ম্যাক্সির সংঘর্ষে এক জন নিহত হন। কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামু এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। ফরিদপুরে বাস উল্টে মারা গেছেন এক জন। নরসিংদীতে দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন। (আরো তথ্যসহ)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকালে একটি ট্রাক ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে।
দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ জন। হতাহতদের সবাই ম্যাক্সিযাত্রী বলে পুলিশ জানিয়েছে।
মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপ-পরিদর্শক বায়েছ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৬টার দিকে ছোট কুমিরার মগপুকুরপাড় নামে স্থানে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী একটি ম্যাক্সির সংঘর্ষ হয়। এতে ছয় জন ম্যাক্সিযাত্রী গুরুতর আহত হয়।
আহতদের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, হাসপাতালে আনার পর এক জন মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
আহতদের মধ্যে কামরুল হাসান(৪০) ও অষ্টমী বালা দাশ(৩৫) নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ কর্মকর্তা মুজিবুর রহমান জানান।
ফরিদপুর প্রতিনিধি জানান, বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে সোমবার বেলা সোয়া ১১টার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেলে বাসের হেলপার মিরাজ কাজী (২৫) ঘটনাস্থলেই নিহত ও ৩০ জন বাসযাত্রী আহত হয়।
আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ কবীর জানান, দুর্ঘটনা কবলিত বাসটি ফরিদপুর থেকে বোয়ালমারী যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসচালক পালিয়ে গেছে।
কক্সবাজার প্রতিনিধি পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী বোরাক পরিবহন সার্ভিসের একটি দ্রুতগামী বল্লী বাস রামু বাইপাস মোড়ের কাছে যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। মাইক্রোবাসটি ১৮ জন যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল।
আহত যাত্রীদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, দুইজন মারা গেছেন। এরা হলেন চকরিয়া বরইতলীর শংকর পাল (২৮) ও হারবাং ইউনিয়নের গোদারপাড়ার আবুল হোসেনের মেয়ে খালেদা বেগম (১৬)।
আহত চারজনের মধ্যে হারবাং ইউনিয়নের গোদারপাড়ার আবুল কাশেমের দুই মেয়ে ফাতেমা বেগম (১৮) ও রুবি আকতারকে (১৫) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আতা ইলাহী জানান, দূর্ঘটনায় আহত দুজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত দু'জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সিদ্দিকী জানান, তিনি গাড়ি দূর্ঘটনায় দু'জনের মৃত্যুর কথা শুনেছেন। তিনি একটি মিটিংয়ে থাকায় বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।
নরসিংদী প্রতিনিধি জানান, রায়পুরা উপজেলা মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়।
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ফরুরখ আহমেদ জানান, সকাল ৯টার দিকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে রাশিদা (৩০), শাহাদত (৬), সাজ্জাদ (১), মিহির (৪০) কে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ বাস দুটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/এমএসবি/১৫৩৮ ঘ.
bdnews24