জয়পুরহাট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে এক নারীকে গাইবান্ধায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম আম্বিয়া বেগম (৫৫)। সাঘাটা উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫ এর কর্মকর্তা ক্যাপ্টেন জাকির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। আম্বিয়া বেগমের কাছে ২১টি জিহাদি বই পাওয়া গেছে বলে র্যাব জানায়।
ক্যাপ্টেন জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের জয়পুরহাট ক্যাম্পের একটি দল গাইবান্ধার সাঘাটা উপজেলার জাঙ্গালিয়া গ্রামে অভিযান চালায়। ওই সময় সন্দেহভাজন জেএমবি সদস্য আম্বিয়ার বাড়ি থেকে জিহাদি বইসহ তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা বইগুলোর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা শায়খ আব্দুর রহমানের লেখা বইও রয়েছে বলে র্যাব কর্মকর্তা জাকির হোসেন জানান।
আম্বিয়া বেগমের স্বামী আমজাদ হোসেনকে বাড়িতে পায়নি র্যাব।
আম্বিয়া বেগমকে সাঘাটা থানায় সোপর্দ করা হয়েছে। ক্যাপ্টেন জাকির হোসেন জানান, আম্বিয়ার বিরুদ্ধে জরুরি বিধিমালায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৫ ঘ.
bdnews24