চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকালে একটি ট্রাক ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে।
দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ জন। হতাহতদের সবাই ম্যাক্সিযাত্রী বলে পুলিশ জানিয়েছে।
মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপ-পরিদর্শক বায়েছ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৬টার দিকে ছোট কুমিরার মগপুকুরপাড় নামে স্থানে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী একটি ম্যাক্সির সংঘর্ষ হয়। এতে ছয় জন ম্যাক্সিযাত্রী গুরুতর আহত হয়।
আহতদের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, হাসপাতালে আনার পর এক জন মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
আহতদের মধ্যে কামরুল হাসান(৪০) ও অষ্টমী বালা দাশ(৩৫) নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ কর্মকর্তা মুজিবুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২১৬ ঘ.
bdnews24