২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা জজ আদালতের আইনজীবীদের কর্মবিরতি

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে করা একটি মামলায় 'তদন্ত না করেই' প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) দেওয়ার অভিযোগে রোববার কর্মবিরতি পালন করেছেন কুমিল্লা জজ আদালতের আইনজীবীরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 04:34 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

কুমিল্লা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে করা একটি মামলায় 'তদন্ত না করেই' প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) দেওয়ার অভিযোগে রোববার কর্মবিরতি পালন করেছেন কুমিল্লা জজ আদালতের আইনজীবীরা। (আরো তথ্যসহ) পরে বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনার পর সমিতির পক্ষ থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি স্থগিত করা হয়। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হায়াত খান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত না করেই কোতয়ালী থানা মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে। ভুয়া মামলা ও এফআইআর দাখিলের প্রতিবাদে সব আইনজীবী আজ (রোববার) আদালত বর্জন করেছেন।" তিনি দাবি করেন, বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগে গত ৩ ডিসেম্বর সমিতি থেকে মোহাম্মদ ছালাউদ্দিন আহাম্মদ নামের একজন আইনজীবীর সদস্যপদ বাতিল করা হয়। ছালাউদ্দিন এ কারণে প্রতিহিংসামূলকভাবে হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে গত ২০ ডিসেম্বর কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন। অ্যাডভোকেট হায়াত জানান, কতোয়ালী থানা পুলিশ রোববার সকালে আদালতে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়। বিষয়টি জানার পর সমিতির সদস্যরা তাৎক্ষণিকভাবে বৈঠক করে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন। এদিকে বিকেলে আইনজীবী সমিতির সদস্যরা এ বিষয়ে পুলিশ সুপার মীর শহিদুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে 'তদন্ত না করেই এফআইআর দেওয়ার' প্রতিবাদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বৈঠকের পর সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকট আ হ ম তাইফুর আলম সাংবাদিকদের জানান, তারা বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত তাদের কর্মবিরতির কর্মসূচি স্থগিত করা হয়েছে। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৯ ঘ.