নাটোর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের জামাতে ইমামতি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে শনিবার নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া গ্রামে একটি বাড়ি পুড়িয়ে দেয়াসহ কমপক্ষে চারটি বাড়িতে লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ জন।
পুলিশ ও গ্রামবাসী জানায়, ঈদের দিন (শুক্রবার) নারায়ণপাড়া ঈদগাহ মাঠে জনৈক সাইদুর রহমানকে ইমামতি করানো নিয়ে হাফেজ নূরুল আমিন ও হাজি শহীদ মিয়ার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এতে হাফেজ নূরুল আমিন আহত হন। ওই ঘটনার জের ধরে পরদিন সকালে নূরুল আমিনের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাজি শহীদের সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায়।
হামলায় ক্ষতিগ্রস্ত আব্দুল মজিদ জানান, নূরুল আমিনের সমর্থকরা আব্দুল আজাদ, আবুল কালাম, আব্দুর রহিম এবং তার বাড়িতে হামলা চালায়। তারা আব্দুল আজাদের বাড়ির দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে তারা ওই চার বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাটোরের পুলিশ সুপার শাহ আবু সালেহ গোলাম মাহমুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ আলী ঘটনাস্থলে যান।
এ ঘটনায় পাঁচ জন আহত হলেও আজাদের স্ত্রী নয়নতারা (২৬) কে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় হাজী শহীদ মিয়া বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে আব্দুল মজিদ জানান।
ওসি আহম্মদ আলী জানান, পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। সামাজিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তাতে সমাধান না হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৮ ঘ.
bdnews24