২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় ঈদের দিনে বিষাদের সুর

ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিধ্বস্ত বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের অধিবাসীরা ঈদের দিন কোনো পশু কোরবানি দেননি। এলাকায় এখনো চলছে স্বজনহারাদের হাহাকার। শুক্রবার ঈদের দিনে আনন্দের পরিবর্তে ওই ইউনিয়নে বিষাদের সুরই বেজেছে বেশি। উত্তর সাউথখালী গ্রামের খালেক হাওলাদারের পরিবারে এখনও শোকের ছায়া। স্ত্রী বুলি আক্তার ভুলতে পাড়ছেন না মেয়ে মিনা ও মুক্তাকে হারানোর বেদনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 12:18 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

বাগেরহাট, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিধ্বস্ত বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের অধিবাসীরা ঈদের দিন কোনো পশু কোরবানি দেননি। এলাকায় এখনো চলছে স্বজনহারাদের হাহাকার। শুক্রবার ঈদের দিনে আনন্দের পরিবর্তে ওই ইউনিয়নে বিষাদের সুরই বেজেছে বেশি। উত্তর সাউথখালী গ্রামের খালেক হাওলাদারের পরিবারে এখনও শোকের ছায়া। স্ত্রী বুলি আক্তার ভুলতে পাড়ছেন না মেয়ে মিনা ও মুক্তাকে হারানোর বেদনা। ঝড়ের রাতে তারা দুজন মারা যায়। মুক্তার লাশ পাওয়া গেলেও মিনার লাশ এখনও পাওয়া যায়নি। একইভাবে খালেকের ভাই হারুন হাওলাদার ছেলে সেতুকে হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন। শুক্রবার ঈদের দিনে কোনো পশু কোরবানি হয়নি ওই গ্রামে। স্থানীয় তাফালবাড়ি মসজিদে মৃতদের জন্য গায়েবানা জানাজার মধ্য দিয়ে শুরু হয় গ্রামবাসীর ঈদের দিন। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সরকারের পক্ষ থেকে পশু আনা হলেও সময় স্বল্পতার কারণে তা কোরবানি করা হয়নি বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত। তিনি বলেন, "এখানে ঈদের কোনো আনন্দ নেই। গত ঈদেও আমি চারটি গরু কোরবানি দিয়েছিলাম। কিন্তু এবার কোরবানি দেওয়া হচ্ছে না।" ঝড়ে তার ১৮ জন স্বজন নিহত হয়েছেন বলে জানান তিনি। শরণখোলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনেওয়াজ তালুকদার জানান, উপজেলার সব ইউনিয়নেই সেমাই, দুধসহ বিভিন্ন উপকরণ পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে সব ইউনিয়নে পশু কোরবানি হয়নি। বলেশ্বর নদীর তীরবর্তী সোনাতলা, চালিতাবুনিয়া, খুড়িয়াখালী, উত্তর ও দক্ষিণ তাফালবাড়ি গ্রামেও কোনো পশু কোরবানি হয়নি বলে ওই সব এলাকার অধিবাসীরা জানিয়েছেন। এদিকে সকালে বাগেরহাট সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ সিদ্দীকী মোড়েলগঞ্জ ও শরণখোলার দুর্গতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সরকারি হিসাবে সিডরের আঘাতে বাগেরহাটে মোট নিহতের সংখ্যা ৮১০ জন, যার মধ্যে শুধু শরণখোলায় মারা গেছে ৬০৫ জন। চেয়ারম্যান আনোয়ার জানান, তার ইউনিয়নে ত্রাণ বাবদ এ পর্যন্ত ৫০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের জন্য মাত্র পাঁচ হাজার টাকা বরাদ্দ করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৮০৫ ঘ.