ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্যদেশের মতো বাংলাদেশেও মুসলামানরা শুক্রবার জুমার দিন উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে ঈদ-উল-আজহা উদযাপন করবে।
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর'-এ দক্ষিণাঞ্চলে ব্যাপক প্রাণ ও সম্পদহানির পর বাংলাদেশের মানুষের কাছে এবারের ঈদ কিছুটা বিষাদেরও বটে। মুসলমানদের আনন্দের বড় এ উপলক্ষেও উপকূলবর্তী বিধ্বস্ত গ্রামগুলোতে নেই আনন্দের ছিটেফোঁটা। প্রলয়ঙ্করী সিডরের আঘাতে স্তব্ধ হয়ে গেছে সেখানকার জনজীবন। নেহাতই বেঁচে থাকার প্রয়োজনে লড়ে যেতে হচ্ছে বিধ্বস্ত জনপদের অসহায় মানুষদের।
রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল ৮টায়। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত ছাড়াও ঢাকা মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬০টি এবং বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ওদিকে, ঈদ উপলক্ষে রাজধানীকে মনোরম সাজে সাজানো হয়েছে। সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে 'ঈদ মোবারক' লেখা ব্যানার দিয়ে সাজানো হয়েছে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপ। বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, নগরভবনসহ বিশেষ বিশেষ ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, কারাগার, দুস্থ কল্যাণ কেন্দ্র ও সরকারি শিশু সদনে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে শিশু পার্কে প্রবেশ ও অন্যান্য বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
ইসলাম ধর্মের বিধান অনুযায়ী আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় বস্তু হিসেবে নিজ সন্তান হযরত ইসমাইল (আ.) কে কোরবানি দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু সৃষ্টিকর্তার কুদরতে হযরত ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। সেই থেকে প্রতিবছর মসুলমানরা জিলহজ মাসের ১০ তারিখে ঈদ-উল-আজহায় পশু কোরবানি দিয়ে আসছেন। তবে ধর্মীয় রীতি অনুযায়ী জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ এই তিনদিন পশু কোরবানি দেওয়া যায়।
ঈদ-উল-আজহা উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ তাদের দেওয়া বাণীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এছাড়া ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান, অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির প্রধান এ এইচ এম এরশাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ও মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মুসলিম উম্মার প্রতি সংহতি প্রকাশ করেছেন।
ইয়াজউদ্দিন আহম্মেদ তার বলেছেন, "আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্রকে কুরবানি করতে উদ্যত হন। মানব ইতিহাসে তিনিই সর্বোচ্চ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন।" তিনি আশাবাদ ব্যক্ত করেন, "ব্যক্তি ও সমাজ জীবনে সবাই নিজ নিজ অবস্থানে থেকে এই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে সুসংহত করবে।"
ড. ফখরুদ্দীন আহমদ তার বাণীতে বলেন, "মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভের প্রত্যয়ে প্রিয়বস্তুকে কুরবানির যে অনন্য দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করে গেছেন, জগতবাসীর জন্য আজও তা অনুকরণীয়। আসুন ঈদ-উল-আজহার মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে একটি শান্তিময় কল্যাণকর ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস আরও জোরদার করি।''
তিনি বলেন, "দেশে পরপর দু'দফা বন্যা ও প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর'-এর ব্যাপক ক্ষয়ক্ষতির মাঝে এবার ঈদ-উল-আজহা উপযাপিত হচেছ ভিন্ন প্রেক্ষাপটে।''
প্রধান উপদেষ্টা তার বাণীতে সমাজের বিত্তবানসহ সকলকে মানবতার কল্যাণে সর্বোচ্চ অবদান রাখার আহবান জানান।
ঈদ উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। সরকারি প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো স
bdnews24