২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে কেন্দ্রীয় কারাগারে ভিআইপি বন্দিদের বিনোদন

ঈদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিআইপি বন্দিদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়ীদের মধ্যে পুরষ্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 07:36 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিআইপি বন্দিদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়ীদের মধ্যে পুরষ্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাইরে থেকেও শিল্পীদের নেওয়া হবে। বুধবার সন্ধ্যায় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মেজর সামসুল হায়দার ছিদ্দিকী একথা বলেন। বিনোদনের বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে- দাবা, ব্রিজ, মিউজিক্যাল চেয়ার, আল্পনা ও মেহেদী আঁকা প্রতিযোগিতা। দাবা ও ব্রিজ ভিআইপি পুরুষ এবং মিউজিক্যাল চেয়ার, মেহেদী আঁকা ও আলপনা প্রতিযোগিতা সব মহিলা বন্দিদের জন্য। বুধবার দাবা ও ব্রিজ প্রতিযোগিতা শুরু হয়েছ। মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "ইতোমধ্যে বন্দিদের সেলে দাবার বোর্ড-গুটি ও তাসের প্যাকেট পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করছি বন্দিরা এ আয়োজন উপভোগ করবেন।" তিনি বলেন, "মহিলা বন্দিদের মিউজিক্যাল চেয়ার, মেহেদি আঁকা ও আল্পনা প্রতিযোগিতার জন্য উপকরণ সরবরাহ করা হবে।" ডিআইজি প্রিজন আরও জানান, ঈদের পরদিন শনিবার ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কারাগারে ২১ জন বিদেশি বন্দিও রয়েছেন। তারাও এ অনুষ্ঠানে অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/ডিডি/