২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেরোনোর রাস্তায় যানজটের কারণে ঢাকা স্থবির

ঈদে ঘরমুখো মানুষের চাপে ঢাকা ছেড়ে যাওয়ার প্রধান দুই সড়কে সৃষ্টি হয়েছে যানজট। আর এর প্রভাব পড়েছে পুরো নগরীতে। বুধবার রাত ১০টার পরও নগরীর প্রধান সড়কগুলোতে দেখা গেছে অগুনতি যানবাহন। কিন্তু যানজটে সবগুলো রাস্তাই যেন থমকে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈদে ঘরমুখো মানুষের চাপে ঢাকা ছেড়ে যাওয়ার প্রধান দুই সড়কে সৃষ্টি হয়েছে যানজট। আর এর প্রভাব পড়েছে পুরো নগরীতে। বুধবার রাত ১০টার পরও নগরীর প্রধান সড়কগুলোতে দেখা গেছে অগুনতি যানবাহন। কিন্তু যানজটে সবগুলো রাস্তাই যেন থমকে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার ১০টার দিকে গাবতলীতে অবস্থান করছিলেন। তিনি জানান, রাস্তায় যানবাহনগুলো থমকে রয়েছে। কিছুক্ষণ পরপর সবগুলো ইঞ্জিন একসঙ্গে গর্জে উঠলেও একবারে কয়েক ফুটের বেশি এগুনো যাচ্ছে না। (আরও তথ্যসহ) গাবতলীতে গরুহাট জমে ওঠায় এবং বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটের গাড়ি একসঙ্গে বেরুনোর চেষ্টা করাতেই এ বিপত্তির সৃষ্টি হয়েছে বলে মনে করেন লিটন হায়দার। তিনি জানান, শ্যামলী থেকে গাবতলী যেতে তার একঘণ্টারও বেশি সময় লেগেছে। এদিকে গাবতলী গরুর হাট সীমানা অতিক্রম করে রাস্তায় উঠে আসায় যানজট চরম আকার ধারণ করেছে। আমিনবাজার ব্রিজের কাছে ট্রাক থেকে গরু নামছে আবার সেই ট্রাকই ঘুরিয়ে মানুষ ভর্তি করে ঢাকা ছাড়ছে। এছাড়া রাস্তার ওপর অবাধ্য গরুর দড়ি ছিড়ে দৌঁড়াদৌঁড়ি তো আছেই। বাস কোম্পানি হানিফ পরিবহনের কর্মী উমেশ বাবু জানান, যানজটের কারণে তাদের গাড়িগুলো ঠিকমতো ঢাকায় ফিরতে পারছে না। এ কারণে প্রতিটি ট্রিপে তিন থেকে পাঁচ ঘণ্টা দেরি হয়ে যাচ্ছে। তিনি জানান, সন্ধ্যা ৭টার রংপুর, দিনাজপুরের উদ্দেশে যেসব বাস ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো ১০টাতেও টার্মিনাল ত্যাগ করতে পারেনি। তিনি জানান, গাবতলী ছাড়াও টাঙ্গাইলের এলেঙ্গা, বাইপাইল, ইপিজেড এলাকায় প্রচণ্ড জ্যাম বলে তাদের বাসের সুপারভাইজাররা খবর পাঠিয়েছেন। তাদের অনেকগুলো বাস এখন এই জায়গাগুলোতে জ্যামে আটকে রয়েছে। গাবতলী ঈগল পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন মিজানুর রহমান। তিনি জানালেন, ঈগল পরিবহনের সাড়ে ৮টার গাড়িতে তার যশোর যাওয়ার কথা। সাড়ে ৮টার সময় বাসটি কলাবাগান থেকে ছাড়ার কথা। অথচ পৌনে ১১টা পর্যন্ত ওই গাড়ি ঢাকাতেই ঢোকেনি বলে জানিয়েছেন কাউন্টারের কর্মীরা। রাত পৌনে ১১টায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন বরিশালের যাত্রী মূসা আর সজল । দু'ঘণ্টারও বেশি সময় তারা অপেক্ষায় রয়েছেন কখন গাড়ি ছাড়ে। তারা জানালেন, সাড়ে ৯টার সময় তাদের গাড়ি ছাড়ার সময় ছিল। সে হিসাব করে তারা ৯টার একটু আগে কাউন্টারে এসেছেন। কিন্তু কাউন্টার কর্মীরা গাড়ি ছাড়ার সম্ভাব্য সময় বলতে পারছে না। বুধবার সকাল ৯টায় ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন মো. হারুন। সাড়ে ১৩ ঘণ্টায় তিনি দিনাজপুর পৌঁছেছেন রাত সাড়ে ১০টায়। সাধারণত দিনাজপুর পৌঁছাতে ৭ থেকে ৮ ঘণ্টা লাগে। তিনি জানিয়েছেন, ঢাকা থেকে বোরোবার পর টাঙ্গাইলেও প্রচণ্ড জ্যাম ছিল। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকাতেও সৃষ্টি হয়েছে তুমুল যানজট। ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী শরীফুল ইসলাম জানান, কমলাপুর থেকে বাসে সায়েদাবাদ পর্যন্ত যেতেই তার দেড় ঘণ্টার মতো সময় লেগেছে। ঢাকার প্রধান দুই প্রবেশমুখে এই যানজটের প্রভাব পড়েছে পুরো নগরীতেই। রাত ১০টায় ঢাকার অধিকাংশ প্রধান সড়কেই যানবাহনের জট লেগে ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আবু নোমান সজিব সংসদ ভবন এলাকা থেকে জানান, পুরো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ যানজটে থমকে আছে। হাজার হাজার বাস-ট্রাক ও গাড়ি ঠায় দাঁড়িয়ে আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/০১৫০ ঘ.