২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বাসন কার্যক্রমের ধীরগতিতে আনোয়ার চৌধুরীর হতাশা

ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের ধীর গতিতে হতাশা প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

বরিশাল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের ধীর গতিতে হতাশা প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। বুধবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেকজান্ডারের সঙ্গে বরগুনার পাথরঘাটা এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কর্মকাণ্ড পর্যবেক্ষণের পর বরিশালে তিনি সাংবাদিকদের বলেন, "পুনর্বাসন কার্যক্রম খুব ধীর গতিতে এগুচ্ছে। এভাবে চললে ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগবে।" আনোয়ার চৌধুরী জানান, সিডরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যুক্তরাজ্যের দেওয়া সহায়তা কীভাবে কাজে লাগানো হচ্ছে তা দেখতেই তারা পাথরঘাটা সফর করেন। দুর্গত এলাকায় যেভাবে পুনর্বাসন কার্যক্রম চালানো হচ্ছে তার ধরন বদলানোর জন্য সরকারকে পরামর্শ দেন তিনি। ব্রিটিশ হাইকমিশনার জানান, ঘূর্ণিঝড় সিডর ও বন্যার কারণে চলতি বছর দেশে যে পরিমাণ খাদ্য ঘাটতি তৈরি হয়েছে তার অর্ধেক সাহায্য হিসেবে দেবে যুক্তরাজ্য। তিনি বলেন, "বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে এবার বাংলাদেশে ১০ লাখ টন খাদ্য ঘাটতি হবে। এ ঘাটতির অর্ধেক সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে যুক্তরাজ্য। একইসঙ্গে ঘূর্ণিউপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া হবে।" পরে ব্রিটিশ মন্ত্রী ও হাই কমিশনার 'নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ' প্রকল্পের কাজ দেখতে বরিশালের নতুন বাজার সংলগ্ন শ্মশানঘাট এলাকায় যান। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) বাংলাদেশের প্রধান ফ্রিজ অস্টিন এ সময় তাদের সঙ্গে ছিলেন। ডিএফআইডি (ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/জেকে/এমএইচবি/২১৫৭ ঘ.