২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিরা বাংলাদেশে

সিডর দুর্গতদের পাশে দাঁড়াতে পপ সুপারস্টার শাকিরা এখন বাংলাদেশে। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তিনদিনের সফরে তিনি বাংলাদেশে এসেছেন। রোববার রাতে তিনি আরও চারজনের সঙ্গে বাংলাদেশে পৌঁছান। মঙ্গলবার রাতে ইউনিসেফের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা জাফরীন চৌধুরী শাকিরার বাংলাদেশে আসার খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, তিনদিনের সফরে বাংলাদেশে এসে শাকিরা মঙ্গলবার রাজশাহীতে ইউনিসেফের কর্মজীবী ও পথশিশুদের শিক্ষাকার্যক্রম পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 07:30 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিডর দুর্গতদের পাশে দাঁড়াতে পপ সুপারস্টার শাকিরা এখন বাংলাদেশে। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তিনদিনের সফরে তিনি বাংলাদেশে এসেছেন। রোববার রাতে তিনি আরও চারজনের সঙ্গে বাংলাদেশে পৌঁছান। মঙ্গলবার রাতে ইউনিসেফের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা জাফরীন চৌধুরী শাকিরার বাংলাদেশে আসার খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, তিনদিনের সফরে বাংলাদেশে এসে শাকিরা মঙ্গলবার রাজশাহীতে ইউনিসেফের কর্মজীবী ও পথশিশুদের শিক্ষাকার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার বাংলাদেশে পৌঁছেই তিনি পটুয়াখালীর ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় যান। কলম্বিয়ান বংশোদ্ভূত এই শিল্পী দু'বার গ্রামি পুরষ্কার এবং সাতবার ল্যাটিন গ্রামি পুরষ্কার পেয়েছেন। 'হিপস ডোন্ট লাই'সহ অসংখ্য জনপ্রিয় গানের এ শিল্পী ল্যাটিন আর ইংরেজি দু' ভাষাতেই গান গেয়ে শ্রোতাদের মনের গভীরে স্থান পেয়েছেন। ঢাকায় তিনি র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে উঠেছেন। হোটেলটির অভ্যর্থনা ডেস্কের এক কর্মী বিষয়টি জানিয়েছেন। তবে গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলার মতো কর্তৃত্ব না থাকার কারণ জানিয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। ২০০৩ সালে শাকিরা জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পান। জাফরীন চৌধুরী জানান, শাকিরা বুধবার ঢাকা ত্যাগ করবেন। শাকিরার আগমনের বিষয়ে ইউনিসেফ কর্মকর্তাদের গোপনীয়তা রক্ষার প্রসঙ্গে তিনি বলেন, "সাকিরার ইচ্ছা অনুযায়ীই সবকিছু হয়েছে। তিনি তার মতো করে বাংলাদেশ দেখতে চাইছিলেন।" আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, শাকিরা কঠোর গোপনীয়তার মধ্যে মঙ্গলবার রাজশাহীতে ইউনিসেফ-এর অর্থায়নে পরিচালিত বেসরকারী সংস্থা অ্যাসিসট্যান্স ফর স্লাম ডুয়েলার্স (এএসডি) প্রকল্প পরিদর্শন করেন। বিকেলে তিনি রাজশাহী মহানগরীর তেরখাদিয়ায় একটি শিক্ষাকেন্দ্রও দেখতে যান। শাকিরা সেখানে ছোট-ছোট ছেলে-মেয়েদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। তার আন্তরিকতায় মুগ্ধ হন কর্মজীবী দরিদ্র শিশুরা। এএসডির প্রকল্প পরিচালক মো. হাসিবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "নিরাপত্তার কারণে শাকিরার সফর সম্পর্কে গোপনীয়তা রক্ষা করা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লুসি/ইএইচবি/এডি/জিএমএ/এমএইচবি/০১২১ ঘ.