২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়রথের পথে পথেচিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেয়া বন্ধ করতে হবে: ডা. মাহফুজ

চিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেয়া গ্রহণ বন্ধ করা উচিত বলে মনে করেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া সাক্ষাৎকারে এ বিএলএফ কমান্ডার বলেন, "এখন থেকে এক দশক পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার এদেশে হতেই হবে। মুক্তিযুদ্ধের সময় যারা সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন করেছে তারা এখনও এদেশে বহাল তবিয়তে এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে পদচারণা করছে ভাবতেই কষ্ট হয়।" সাক্ষাৎকার নিয়েছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 08:35 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একাত্তরে পাকিস্তানি সেনারা আক্রমণ শুরু করলে প্রতিরোধ গড়ে ওঠে চট্টগ্রামেও। এপ্রিলের প্রথম সপ্তাহে পাকিস্তানি সেনারা বন্দর নগরী পুরোপুরি দখলের আগ পর্যন্ত বিভিন্ন স্থানে চলে প্রতিরোধ যুদ্ধ। পাক সেনারা শহর দখল করে ফেললে মুক্তিযোদ্ধারা শুরু করে গেরিলা হামলা। এপ্রিলের এক রাতে নগরীর ৮০টি স্থানে একযোগে বোমা হামলা চালিয়ে পুরো শহর কাঁপিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা। সে গেরিলা যোদ্ধাদের একটি অংশের নেতৃত্বে ছিলেন বিএলএফ শহর গ্র"প কর্ণফুলী কমান্ড (কেসি)-৩ এর কমান্ডার ডা. মাহফুজুর রহমান। বর্তমানে জাসদের একাংশের (মুস্তাফিজ) যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযুদ্ধ গবেষণায় ব্রতী এ মুক্তিযোদ্ধা। 'মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র'র মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করছেন। পেশায় চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, "এখন থেকে এক দশক পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার এদেশে হতেই হবে। মুক্তিযুদ্ধের সময় যারা সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন করেছে এখনও সেই যুদ্ধাপরাধী ও রাজাকাররা এদেশে বহাল তবিয়তে এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে পদচারণা করছে ভাবতেই কষ্ট হয়।" তার মতে, যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করতে হবে। এখনও অনেক তথ্য-উপাত্ত রয়েছে যা দিয়ে বিচার করা সম্ভব বলে মনে করেন মাহফুজুর রহমান। স্বাধীন ভূমিতে যুদ্ধাপরাধীদের আস্ফালনে রীতিমতো ক্ষুব্ধ এ বীর মুক্তিযোদ্ধা। বললেন, "যারা এদেশের বিরোধিতা করেছে সেই সব চিহ্নিত রাজাকার, যুদ্ধাপরাধীদের রাজনীতি আইন করে বন্ধ করা প্রয়োজন। শুধু রাজনীতি নয়, প্রশাসনিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ বন্ধ করা দরকার।" যুদ্ধাপরাধীদের এতদিনও বিচার না হওয়া প্রসঙ্গে ডা. মাহফুজ বলেন, "বিভিন্ন রাজনৈতিক দলের আত্মকেন্দ্রিক মনোভাব ও সংকীর্ণতার কারণেই এতোদিন তাদের বিচার হয়নি।" যুদ্ধাপরাধীদের বিচার সব মুক্তিযোদ্ধার দাবি উল্লেখ করে অন্তত এ ক্ষেত্রে দলীয় সংকীর্ণতা ভুলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের সময় মাহফুজুর রহমান ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র। যুদ্ধে অংশ নেয়ার প্রেক্ষাপট তুলে ধরে মাহফুজ বলেন, " '৬২ ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তানবিরোধী মনোভাব আগে থেকেই বিরাজ করছিল। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরপরই আমরা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করি। এরই অংশ হিসাবে আন্দরকিল্লার একটি বন্দুকের দোকান লুট করি আমরা।" রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর ভূমিকা প্রসঙ্গে ডা. মাহফুজ বলেন, "সে সময়ে জামায়াতে ইসলামীর লোকরাই আল বদর বাহিনী গঠন করেছিল। এই বাহিনী স্থানীয় রাজাকারদের নিয়ে হত্যা ও নির্যাতন করেছে মুক্তিযোদ্ধাদের এবং যোদ্ধাদের আশ্রয়দাতাদের। চট্টগ্রাম শহরে ডালিম হোটেল, রেস্ট হাউজ (বর্তমানে সার্কিট হাউজ) ও বিভিন্ন স্থানে রাজাকারের ক্যাম্প স্থাপন করে হত্যা ও নির্যাতন চালানো হয়।" একটি ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, "ফজলুল কাদের চৌধুরীর গাড়িতে হামলা করায় ৭ জুন নগরীর জামাল খান রোডে ওমর ফারুক নামে এক মুক্তিযোদ্ধাকে ধরার নির্দেশ দেন তিনি। পরে পাক সেনাদের গুলিতে ওমর ফারুক শহীদ হন।" স্মৃতির ঝাঁপি খুলে দিয়ে ডা. মাহফুজ বলেন, "এক/দুই জন যোদ্ধার বীরত্ব্গাথা দিয়ে এদেশের মুক্তিযুদ্ধ বোঝা যাবে না। সে সময় সারাদেশের মানুষের মধ্যে যে ঐক্য ও স্পিরিট ছিল তা ভাষায় প্রকাশ করার নয়। যুদ্ধের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে তারা নিজেদের জীবন ও সংসারের মায়া ত্যাগ করে যোদ্ধাদের সাহায্য করেছে।" তবে সাধারণ জনগণের এ অবদান জাতি অল্প সময়ের জন্যই মনে রেখেছে উল্লেখ করে হতাশা প্রকাশ করে মাহফুজুর রহমান বলেন, "এদের যথাযোগ্য স্বীকৃতি দেয়া হয়নি।" মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়েও অসন্তোষ রয়েছে ডা. মাহফুজের। তিনি বলেন, "চট্টগ্রাম শহরের মুক্তিযোদ্ধাদের তালিকায় অধিকাংশ প্রকৃত যোদ্ধাদের নাম নেই। দলীয় কর্মীদের মুক্তিযোদ্ধা বানানোর বিষয়টি দুঃখজনক।" তালিকা তৈরি প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "বর্তমানে যে পদ্ধতিতে তালিকা হচ্ছে তা মুক্তিযোদ্ধাদের জন্য অসম্মানজনক। কেননা এ পদ্ধতিতে একজন মুক্তিযোদ্ধাকে যার কাছে সনদের জন্য ধর্না দিতে হয়, তিনি জুনিয়র কোনো যোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা, যিনি রাজনৈতিক রাজনৈতিক বিবেচনায় ওই পদ পেয়েছেন।" ডা. মাহফুজের পরামর্শ, এলাকার কমান্ডারদের দায়িত্ব দিয়ে গবেষণামূলকভাবে মুক্তিযোদ্ধাদের এ তালিকা তৈরি করা যেতে পারে। যুদ্ধকালীন ৮০ শতাংশ কমান্ডার বেঁচে আছেন; তাদের কাছ থেকে তথ্য নিয়ে তালিকা তৈরি করা উচিত। দুস্থ মুক্তিযোদ্ধাদের যে ভাতা দেয়া হয় তাকে অত্যন্ত অসম্মানজনক উল্লেখ করে মাহফুজুর রহমান বলেন, "দরিদ্র মুক্তিযোদ্ধাদের ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে প্রতিটি সরকার। যথাযথ পুর্নবাসন না করে মাত্র কয়েকশ টাকা ভাতা দিয়ে তাদের এক অর্থে অপমান করা হচ্ছে।" তিনি বলেন, "যুদ্ধফেরত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এখনও সম্ভব। দেশ মাতৃকার জন্য যারা জীবন বাজি রেখে লড়েছেন তাদের দারিদ্রতার হাত থেকে মুক্তি দিতে উদ্যোগ নিতে হবে।" এক্ষেত্রে মাহফুজুর রহমানের প্রস্তাব, প্রতিটি জেলা ও উপজেলার খাস জমি মুক্তিযোদ্ধাদের দেয়া যেতে পারে। তাদের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করে দেয়া প্রয়োজন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/এমএ/১৪২৫ঘ.