২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধারাই যুদ্ধাপরাধীদের বিচার করে যাবেন: এ কে খন্দকার

মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বলেছেন, মুক্তিযোদ্ধারা জীবিত থাকা অবস্থায়ই যুদ্ধাপরাধীদের বিচার হবে। তারাই এদের বিচারকাজ শেষ করে যাবেন। এর জন্য ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 04:11 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

চাঁদপুর, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বলেছেন, মুক্তিযোদ্ধারা জীবিত থাকা অবস্থায়ই যুদ্ধাপরাধীদের বিচার হবে। তারাই এদের বিচারকাজ শেষ করে যাবেন। এর জন্য ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত তারা। সোমবার চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে স্মৃতিচারণকালে তিনি বলেন, "আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের বিচার করে যাবোই। এর জন্য যে ত্যাগই আমাদের স্বীকার করতে হয় তা করব।" তিনি বলেন, যারা বলছেন গত ৩৬ বছরেও যুদ্ধাপরাধীদের বিচারের চেষ্টা করা হয়নি বা বিচার হয়নি তাারা ভুল বলছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দালাল আইন রহিত করে এর পথ বন্ধ করে দেয়া হয়। তিনি আরও বলেন, "এই সরকারের কাছে আজকে বাঙালি জাতির দাবি- আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করুন। এ সরকার যদি নাই পারে তাহলে পরের সরকার করবে। আর সেই সরকারও যদি নাই পারে তাহলে পরের সকরকার করবে। এদের বিচার হতেই হবে।" মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জহিরুল ইসলামের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত ফ্লাইট লে: এস এ সুলতান টিটো, অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর আহমেদ বীর প্রতীক, চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে একে খন্দকার আরও বলেন, "যদি আলবদর, রাজাকাররা পাকিস্তানি হায়নাদের সহায়তা না করতো তাহলে আমরা আরও আগে মুক্তি পেতাম। বড় কষ্ট হয়- এরাই আজ হুংকার ছেড়ে বলে এদেশে কোন যুদ্ধ হয়নি।" সবাইকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএসবি/২১৫৫ ঘ.