চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জানা আয়ের বাইরে অবৈধ পথে সম্পত্তি অর্জন ও তার তথ্য গোপনের অভিযোগে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান আব্দুর রহমান বদির বিরুদ্ধে সোমবার মামলা করেছে দুর্র্নীতি দমন কমিশন।
কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ নগরীর ডবলমুরিং থানায় মামলাটি করেন।
ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মর্জিনা আক্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, টেকনাফ পৌরসভার চেয়ারম্যান আব্দুর রহমান বদির বিরুদ্ধে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তি অর্জন ও তার তথ্য গোপনের অভিযোগে মামলা করা হয়েছে।
তিনি জানান, মামলার এজাহারে বদির বিরুদ্ধে অর্জিত আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল পরিমাণ সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়েছে। এসব সম্পত্তি তিনি দুদকে জমা দেয়া হিসাব বিবরণী এবং আয়কর প্রতিবেদনে উল্লেখ করেননি বলে অভিযোগ করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, টেকনাফের পৌর চেয়ারম্যান বদি যে হিসাব দাখিল করেছেন তার বাইরে অনেক বেশি পরিমাণ সম্পত্তি ও অর্থ তার দখলে থাকার প্রমাণ পাওয়া গেছে।
আওয়ামী লীগ সমর্থিত পৌর চেয়ারম্যান আব্দুর রহমান বদি ১১ সেপ্টেম্বর দুদকে ৫৬ লাখ ১১ হাজার পাঁচ'শ টাকার সম্পত্তির হিসাব বিবরণী জমা দেন।
দুদক কর্মকর্তা বলেন, অনুসন্ধানে তার হিসাব বর্হিভূত ও অর্জিত আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার সম্পত্তি ও অর্থের খোঁজ পাওয়া গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24