ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক মোহাম্মদ ওসমান গণি ও তার স্ত্রী মোহসেনা গণির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের সহকারী পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইঞা সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন। ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী অভিযোগপত্রটি গ্রহণ করে তা মুখ্য মহানগর হাকিমের কাছে উপস্থাপনের নির্দেশ দেন।
চলতি বছরের ২৬ জুলাই কমিশনের উপপারিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রমনা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ওসমান গণি ১৯৭১ সাল থেকে চলতি বছর পর্যন্ত মোট ৪ কোটি ২৯ লাখ ৫২ হাজার ১১৫ টাকার সম্পদ আসাধু উপায়ে অর্জন করেছেন। তার স্ত্রী এ ব্যাপারে তাকে সহায়তা করেছেন। ওসমান গণি গত ২৬ জুলাই কমিশনে তার সম্পদের যে হিসাব দেন তাতে ওই সম্পদের তথ্য গোপন করা হয়েছে।
যৌথবাহিনীর সদস্যরা গত ২৯ মে ওসমান গণির উত্তরার বাসায় অভিযান চালিয়ে নগদ প্রায় এক কোটি টাকাসহ বিপুল পরিমাণ সোনার গহনা উদ্ধার করে। ওইদিনই তাকে গ্রেপ্তার করা হয়। তার স্ত্রী মোহসেনা গণি পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/১৮১৩ঘ.
bdnews24