ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পর্যটন শিল্প বিকাশে আগামী বছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ চাইবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।
পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে এর আগে প্রতিটি বাজেটে অর্থ বরাদ্দ চেয়ে ব্যর্থ হলেও এ বছর অন্তত ১০০ কোটি টাকা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম এ মতিন। পর্যটন শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সচিবালয়ের বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পর্যটন শিল্পের জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান।
সভায় জানানো হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পর্যটন শিল্পের বিকাশে দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (সাসেক) একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশের পর্যটন এলাকা বিশেষ করে ষাট গম্বুজ মসজিদের শহর বাগেরহাট, সুন্দরবন, মহাস্থানগড়, কান্তজি মন্দির, পাহাড়পুর বৌদ্ধবিহার ও কক্সবাজার পর্যটন এলাকার উন্নয়ন এবং মংলায় একটি বিমানবন্দর প্রয়োজন।
এর মধ্যে বিমানবন্দর স্থাপনের বিষয়টি সরকারের নীতি-নির্ধারণী বিষয় বলে এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত প্রয়োজন। আর পর্যটন কেন্দ্রগুলোর অবকাঠামো ও সড়ক উন্নয়নসহ আনুষঙ্গিক কাজগুলো মন্ত্রণালয় করার উদ্যোগ নেবে বলে সভায় জানানো হয়।
সভায় পর্যটকদের সুবিধার জন্য মংলা বন্দর ছাড়াও যশোরের বেনাপোল এবং পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের অবকাঠামো এবং সড়ক ব্যবস্থার উন্নয়ন এবং ভারতের আসাম থেকে ব্রহ্মপুত্র নদীপথে বাংলাদেশ হয়ে ভারতের মূল ভূ-খণ্ডে প্রবেশের সুবিধা সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়।
সভায় পর্যটকদের জন্য দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ভিসা সহজ করাসহ ফ্রি-ভিসার প্রস্তাব করা হয়।
উপদেষ্টা এমএ মতিন বলেন, "পর্যটন শিল্পের অনেক সম্ভাবনা থাকলেও পর্যটকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা আমরা দিতে পারছি না। আমাদের বিমানের অবস্থা অত্যন্ত নাজুক। একই অবস্থা রেল ও সড়ক পথেরও। কক্সবাজারে পর্যটকদের জন্য তেমন কোনো বিশেষ খেলাধুলার আয়োজন নেই। কিন্তু এ শিল্পের বিকাশের জন্য এসবের খুবই প্রয়োজন।"
পর্যটন শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, "অতীতে এ শিল্পের বিকাশের জন্য প্রতি বছরই বাজেট চাওয়া হয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেয়নি। আশা করছি এ বছর সরকার ১০০ কোটি টাকা হলেও বরাদ্দ দেবে। তবে সরকারের একার পক্ষে এত সব কিছুর ব্যবস্থা করা সম্ভব নয়। এজন্য বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এমএ/১৭০৭ঘ.
bdnews24