ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনের হয়ে মামলা চালানোর জন্য আইনজীবীদের একটি প্যানেল নিয়োগের কথা ভাবছে কমিশন।
নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সোমবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
কমিশনের বিরুদ্ধে বিএনপির একাংশের দায়ের করা মামলা মোকাবেলায় অ্যাটর্নি জেনারেলের সহায়তা নেয়া হবে কি না জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, "অ্যাটর্নি জেনারেল সরকারি লোক। আর আমরা আলাদা প্রতিষ্ঠান। মামলা মোকাবেলায় আমরা নিজস্ব আইনজীবী নিয়োগ দেব। আর এজন্য দুর্নীতি দমন কমিশনের মতো প্যানেল অব ল ইয়ার্স নিয়োগের কথা ভাবছি আমরা।"
আদালত বিএনপির সংস্কারপন্থী অংশের সঙ্গে কমিশনের সংলাপ স্থগিত করায় রোডম্যাপ অনুযায়ী চলতি ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হচ্ছে না জানিয়ে কমিশনার বলেন, "আমরা মার্চের মধ্যে নির্বাচনী আইন চূড়ান্ত করে ফেলতে পারব বলে আশা করছি।"
নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত ২২ নভেম্বর বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা ছিল কমিশনের। সে অনুযায়ী কমিশন বিএনপির স্থায়ী কমিটি মনোনিত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠিও পাঠিয়েছিল। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট হাফিজউদ্দিন আহমেদকে দেয়া কমিশনের চিঠির কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে। একইসঙ্গে ওই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না কমিশনের কাছে তার কারণ জানতে চায় আদালত।
এদিকে নির্বাচনী আইন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামী থাকলে অধিকাংশ দলই তাতে যোগ দিতে রাজি নয়। সেক্ষেত্রে কমিশন কী করবে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, "এ বিষয়ে আমরা এখনও কিছু ঠিক করিনি। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএ/১৬০৫ঘ.
--
bdnews24