ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৩০৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ১ লাখ সাত হাজার মেট্রিক টন খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত অনুমোদন করেছে সরকার। এর মধ্যে চাল আমদানি করা হবে ৭৪ হাজার মেট্রিক টন এবং ৩৩ হাজার মেট্রিক টন গম।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. মির্জ্জা এবি আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী, যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা।
সভাশেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম জানান, ১০১ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ৩৩ হাজার মেট্রিক টন গম ও ২০৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ৭৪ হাজার মেট্রিকটন চাল আমদানির সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এসব খাদ্যশস্য স্থানীয় দরপত্রের মাধ্যমে আমদানি করা হবে। এতে প্রতি কেজি গমের মূল্য ৩০ টাকা ৬৮ পয়সা থেকে ৩০ টাকা ৮৮ পয়সা এবং প্রতি কেজি চালের মূল্য ২৬ টাকা ৭৭ পয়সা থেকে ২৭ টাকা ৯৫ পয়সা পর্যন্ত পড়বে।
তিনি আরও জানান, স্থানীয় আমদানিকারকরা বিদেশ থেকে এসব খাদ্যশস্য আমদানি করে সরাসরি খাদ্য গুদামে সরবরাহ করবে।
এ ছাড়া ক্রয় সংক্রান্ত কমিটির ওই সভায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের চার ও পাঁচ নম্বর ইউনিট পুনর্বাসন এবং ৭টি রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের বিষয়ে আলোচনা হলেও কমিটি সেগুলোর অনুমোদন দেয়নি।
এ ব্যাপারে মির্জ্জা আজিজুল ইসলাম জানান, অবকাঠামো ও জ্বালানি সরবরাহের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা না থাকায় এগুলো পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/১৪৩৭ঘ.
bdnews24