ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের বেসরকারি এয়ারলাইন্স 'জেট এয়ারওয়েজ' রোববার ঢাকা থেকে তাদের ফ্লাইট চালানো শুরু করেছে।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, রোববার ঢাকা - কলকাতা ও ঢাকা -দিল্লি রুটে দুটি ফ্লাইট চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এয়ারলাইন্সটি বাংলাদেশ থেকে ফ্লাইট কার্যক্রম শুরু করে।
ইকোনমি ক্লাসে ঢাকা - কলকাতা রুটে ৬৯ এবং ঢাকা - দিল্লি রুটে ২১০ মার্কিন ডলার ভাড়া নির্ধারণ করেছে বিমান সংস্থাটি।
এর আগে শনিবার জেট এয়ারওয়েজের নির্বাহী পরিচালক কে দত্ত এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকায় যাত্রা শুরুর মাধ্যমে এ পর্যন্ত মোট ১১টি স্থানে তাদের বিমান চলাচল শুরু করেছে।
কে দত্ত আরও জানান, এয়ারলাইনসটি ঢাকা - কলকাতা রুটে সপ্তাহে সাতটি নিয়মিত ফ্লাইট চালাবে। এ ছাড়া নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সপ্তাহে চারটি ফ্লাইট চলবে।
জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৮০০ বিমান এই নতুন রুটে চলবে। বর্তমানে সংস্থাটির বহরে ৭৫টি বিমান রয়েছে। এর মধ্যে আটটি বোয়িং ৭৭৭-৩০০ ও ছয়টি এয়ারবাস এ ৩০০-২০০।
ইতোমধ্যেই জেট উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার আরো কয়েকটি শহরে তাদের কার্যক্রম শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৯১৬ঘ.
bdnews24