ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০০৮ - ২০০৯ মেয়াদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে । মোট ১৫ প্রার্থীর মধ্যে ৭ জন প্রাথমিকভাবে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত। রাত ১০ টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। এবার নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লিমিটেডের এ টি শফিক উদ্দীন আহম্মেদ (১৮৯ ভোট), আনন্দ কম্পিউটার্সের মোস্তাফা জব্বার (১৭১ ভোট), এপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের মো সহিদ-উল-মনির (১৫৪ ভোট), স্মার্ট টেকনলজিস বাংলাদেশ লিমিটেডের মো জহিরুল ইসলাম (১৪৬ ভোট), টেক ভ্যালি কম্পিউটার্স লিমিটেডের মো মঈনুল ইসলাম (১৪৫ ভোট), আতাজ ট্রেড সিস্টেমস এর কাজী আশরাফুল আলম (১৪৩ ভোট) এবং কম্পিউটার পয়েন্টের ইউসুফ আলী শামীম।
মোট ৩৩৫ ভোটারের মধ্যে ২৭৫ জন ভোট দিলেও এর মধ্যে ৭ টি ভোট বাতিল হয়। বিজিত ৮ সদস্য তাদের পরাজয় মেনে নিয়েছেন।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন স্বদেশরঞ্জন সাহা। কমিশনের সদস্য ছিলেন আসাদুজ্জামান খান এবং আজহার এইচ চৌধুরী।
আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমডিকে/এসকে/২৩৫৪ঘ.
bdnews24