ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধে বাঙালির গৌরবময় বিজয়ের ৩৬তম বার্ষিকী রোববার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ, বঙ্গভবনে সংবর্ধনাসহ রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা ছাড়াও বিভিন্ন সংগঠনের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে এদেশের মানুষ। (সংশোধিত)
রোববার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ২১বার তোপধ্বনির মাঝ দিয়ে শুরু হবে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান। প্রথমে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও পরে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রাম আর বিপুল আত্মত্যাগের পর ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র জাতি দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে বাংলার মুক্তিসেনারা ছিনিয়ে আনে স্বাধীন পতাকা আর মুক্ত স্বদেশ।
পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও ভারতীয় পূর্বাঞ্চল কমান্ডের জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বাধীন মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদাভাবে দেশবাসী ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে স
bdnews24